ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলায় ছয় মাসের কারাদণ্ডাদেশ পাওয়া মোহাম্মদ আমিরের জামিনের আবেদন নাকচ হয়ে গেছে।
গত ৩ নভেম্বর দুই সতীর্থ সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে আমিরকে কারাদণ্ড দেয় লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। তবে আদালত ১৯ বছর বয়সী এই ক্রিকেটারকে কারাগারে না পাঠিয়ে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়।
আপিল আদালতের বিচারপতি ক্যাথরিন থ্রিলওয়েল জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে ২৯ নভেম্বরের মধ্যে আমির আপিল করলে তা শুনানির জন্য বিবেচনা করা হবে।
সালমান ইতোমধ্যেই আপিল করেছেন। আসিফও আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫২ঘ.
bdnews24