২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান-আসিফদের ফিরিয়ে আনতে চায় পাকিস্তান

'স্পট ফিক্সিং' মামলার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও যুক্তরাজ্যে নিযুক্ত দেশটির দূতাবাসকে নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। কারাদণ্ড প্রাপ্ত তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে দেশে ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করাই তাদের লক্ষ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 04:43 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' মামলার বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও যুক্তরাজ্যে নিযুক্ত দেশটির দূতাবাসকে নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। কারাদণ্ড প্রাপ্ত তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরকে দেশে ফিরিয়ে আনার উপায় খুঁজে বের করাই তাদের লক্ষ্য। গত বছর লর্ডস টেস্টে ইচ্ছাকৃত ভাবে নো বল করার মামলায় পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের আড়াই বছর, পেসার আসিফের এক বছর ও আমিরের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। গত বৃহস্পতিবার এই শাস্তি ঘোষণা করে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। পাকিস্তানের 'দ্য ডেইলি টাইমস' পত্রিকা জানিয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারি স্বয়ং এই মামলার বিষয়ে আগ্রহী। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানান, এই বিষয়ে একটি সভাও হয়েছে। মালিক বলেন, "শুক্রবার শীর্ষ পর্যায়ের এক সভায় প্রেসিডেন্ট জারদারি পিসিবিকে একটি প্রতিবেদন পেশ করতে বলেছেন। ঐ সভায় কিভাবে এই ধরণের দুর্ঘটনা এড়ানো যায় সে ব্যাপারে সুপারিশ করার কথা বলা হয়েছে।" "সাজাপ্রাপ্ত তিন ক্রিকেটারকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও চিন্তা-ভাবনা করছে পাকিস্তান সরকার। একই সঙ্গে আমরা যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ওয়াজিদ শামসুল হাসানকে ওই তিন ক্রিকেটারকে সব ধরনের আইনী সাহায্য দেয়ার জন্য এবং এই বিষয়ে একটি প্রতিবেদন পেশ করার অনুরোধও করেছি," যোগ করেন তিনি। মালিক পুরো ঘটনাটিকে 'দুর্ভাগ্যজনক' বলে বর্ণনা করে বলেন, "যদিও স¤প্রতি তারা আইসিসির শুনানি ও লন্ডনের আদালতের বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন, তবু তাদের নিরপরাধ হওয়ার সম্ভাবনাকে আমরা উড়িয়ে দিতে পারি না। ঘটনাটা একেবারেই দুর্ভাগ্যজনক। পুরো বিষয়টি তদন্তের জন্য সরকার একটি কমিটি গঠন করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩৭ঘ.