ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' কেলেঙ্কারিতে সালমান বাট ও মোহাম্মদ আসিফ দোষী সাব্যস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, দেশকে ছোট করতে এর চেয়ে খারাপ কাজ আর হতে পারে না।
ধোনি বলেন,"স্বদেশের প্রতিনিধিত্ব করার সময় এটাই (স্পট ফিক্সিং) সবচেয়ে খারাপ কাজ হিসেবে গণ্য হবে। খারাপ কাজ করলে খারাপ ফলের জন্য প্রস্তুতও থাকতে হবে।"
সালমান ও আসিফ মঙ্গলবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে দোষী সাব্যস্ত হন।
বৃহস্পতিবার 'স্পট ফিক্সিং'-এর সঙ্গে জড়িত থাকা ও অবৈধভাবে অর্থ গ্রহনের অভিযোগে সালমানের আড়াই বছর এবং আসিফের এক বছর কারাদণ্ড হয়েছে। তাদের সঙ্গী মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৪০ঘ.
bdnews24