ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণ করায় ইংল্যান্ডের ব্যাটসম্যান কেভিন পিটারসেনকে তিরস্কার করা হয়েছে।
ভারতের বিপক্ষে শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি খেলার সময় আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত দিলে তা মেনে নিতে পারেননি পিটারসেন। চোখে-মুখে ফুটে ওঠে প্রচণ্ড হতাশা। এরপর আম্পায়ারের দিকে তাকিয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) রোববার এক বিবৃতিতে জানায়, পিটারসেন দোষ স্বীকার করায় পূর্ণাঙ্গ শুনানির আয়োজন করতে হয়নি।
ম্যাচ রেফারি রোশান মাহানামা জানান, "একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে পিটারসেনের জানা উচিত কখন আম্পয়ার আঙ্গুল তোলেন। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে একজন খেলোয়াড় যাই ভাবুন না কেন, কোনো রকম আবেগ না দেখিয়ে তার ক্রিজ ছেড়ে যাওয়া উচিত।"
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে পিটারসেন অতিরিক্ত হতাশা প্রকাশ করেন বলে মাহানামা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৪২ ঘ.
bdnews24