ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রদের সঙ্গে আলোচনায় বসবেন পিসিবি'র নতুন চেয়ারম্যান জাকা আশরাফ। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ক্রিকেটের উন্নয়নে তাদের পরামর্শ নেবেন তিনি।
জাকা আশরাফ জানান, তিনি প্রথমেই বসবেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গে। এরপর একে একে বসবেন অন্য তারকাদের সঙ্গে।
একই সঙ্গে তিনি বলেন, একদিনের ক্রিকেটে পাকিস্তানকে এখনো অনেক কিছু দেয়ার আছে সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। শর্তসাপেক্ষে অবসরের ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। তবে এখন তিনি পাকিস্তান দলে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পৌঁছে শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, "পাকিস্তানের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনার ওপর নজর দেবো আমি।"
"আজ আমার প্রথমদিন। থিতু হতে দুই থেকে তিন মাস লাগবে। আর এই সময়ের মধ্যে আমি পুরো ব্যবস্থা খতিয়ে দেখবো," যোগ করেন তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান বলেন, "দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্রদের সঙ্গে আলোচনায় বসে ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রিকেটের উন্নয়নে তাদের পরামর্শ নেবো।" ৩০ অক্টোবরের পর তিনি ইমরান খানের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান।
আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তানে ফিরিয়ে আনার ওপর তিনি অগ্রাধিকার দিবেন বলে উল্লেখ করে বলেন, "এ জন্য আমি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৯ ঘ.
bdnews24