ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ভারত দলে জায়গা হয়নি অফস্পিনার হরভজন সিং ও অমিত মিশ্রর।
ইংল্যান্ড সফরের দল থেকে আটজনকে বাদ দিয়ে শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত।
৩ টেস্টের সিরিজ শুরু হবে ৬ নভেম্বর থেকে।
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয় নি হরভজনের। এবার বাদ পড়লেন টেস্ট দল থেকেও।
রবীচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা ও রাহুল শর্মাকে দিয়ে সাজানো হয়েছে ভারতের স্পিন আক্রমণ।
অশ্বিন ভারতের ওয়ানডে দলে নিয়মিত হলেও এখনো টেস্ট অভিষেক হয় নি তার। টেস্ট দলে তার জায়গা পাওয়া একরকম নিশ্চিত ছিল। কিন্তু রাহুল শর্মাকে দলে নিয়ে বিস্ময় জন্ম দিয়েছেন ভারতের নির্বাচকরা। এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেন নি তিনি।
চোট কাটিয়ে ফিরেছেন বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভির, শচীন টেন্ডুলকার ও যুবরাজ সিং।
স্পিন আক্রমণের মতো দলটির পেস আক্রমণও নতুন চেহারা পেয়েছে। প্রভীন কুমার ও শ্রীশান্থ বাদ পড়েছেন। দলে এসেছেন উমেশ যাদব ও বরুণ অরুণ।
তৃতীয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন অজিঙ্কিয়া রাহানে। নি®প্রভ সুরেশ রায়নার বদলে সুযোগ পেয়েছেন বিরাট কোহলি।
দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), গৌতম গম্ভির, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, রবীচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, বিরাট কোহলি, বরুণ অরুণ, অজিঙ্কিয়া রাহানে ও রাহুল শর্মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৩৯ ঘ.
bdnews24