২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের সৌজন্যে পাকিস্তানের দিন

কুমার সাঙ্গাকারা ও দশ নম্বরে ব্যাট করতে নামা চানাকা ওয়েলেগেদারার দুটো লড়াকু ইনিংসের পরও দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি তেমন ভালো কাটেনি শ্রীলঙ্কার। ২৩৯ রানে শেষ হয়ে গেছে তাদের প্রথম ইনিংস। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৪২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 02:51 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমার সাঙ্গাকারা ও দশ নম্বরে ব্যাট করতে নামা চানাকা ওয়েলেগেদারার দুটো লড়াকু ইনিংসের পরও দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি তেমন ভালো কাটেনি শ্রীলঙ্কার। ২৩৯ রানে শেষ হয়ে গেছে তাদের প্রথম ইনিংস। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৪২। মোহাম্মদ হাফিজ ১৮ ও তৌফিক উমর ২০ রান নিয়ে ব্যাট করছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা মাত্র ৭৩ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। এই মহাবিপর্যয়ে প্রতিরোধ গড়ে তোলেন প্রথম টেস্টে দ্বিশতক করে শ্রীলঙ্কাকে বাঁচিয়ে দেয়া সাঙ্গাকারা। ১১টি চারের সাহায্যে ১২২ বলে ৭৮ রান করেন তিনি। সাঙ্গাকারার বিদায়ের সময় স্কোর ছিলো ১৫৪/৮। শ্রীলঙ্কার সামনে তখন প্রথম টেস্টের প্রথম ইনিংসের মতো দু শ'র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা। তবে ওয়েলেগেদারার দৃঢ়তায় তা হয়নি। আগের ১২ টেস্টে তার মোট রান ছিলো ৬৭। কিন্তু বুধবার রীতিমতো বিশেষজ্ঞ ব্যাটসম্যানের মতো খেলে ১২৭ বলে ৪ বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৮ রান করেন ওয়েলেগেদারা। নবম উইকেটে রঙ্গনা হেরাথের (২৯) সঙ্গে তার ৭৫ রানের জুটি শ্রীলঙ্কাকে লজ্জায় পড়তে দেয়নি। পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন সাঈদ আজমল ও উমর গুল। দুটো করে উইকেট জুনায়েদ খান ও আব্দুর রেহমানের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫০ঘ.