২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির শতকে ভারতের আরেকটি জয়

ইংল্যান্ড সফরে বিধ্বস্ত হওয়ার জবাব ঘরের মাঠে ভালোভাবেই দিচ্ছে ভারত। সোমবার বিরাট কোহলির অপরাজিত শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড সফরে বিধ্বস্ত হওয়ার জবাব ঘরের মাঠে ভালোভাবেই দিচ্ছে ভারত। সোমবার বিরাট কোহলির অপরাজিত শতকের সুবাদে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে ২৩৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৩৬ ওভার ৪ বলে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি। ২৯ রানের মধ্যে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল (১২) ও আজিঙ্কা রাহানে (১৪)। দুজনকেই ফেরান টিম ব্রেসনান। তবে তৃতীয় উইকেটে কোহলি ও গৌতম গম্ভীরের অবিচ্ছিন্ন ২০৯ রানের জুটি সহজ জয়ই এনে দেয় স্বাগতিকদের। তৃতীয় উইকেটে এটাই ভারতের সর্বোচ্চ জুটি। ম্যাচ-সেরা কোহলি ১১২ ও গম্ভীর ৮৪ রানে অপরাজিত থাকেন। দিল্লির ছেলে কোহলি তার ৯৮ বলের ইনিংসটি সাজান ১৬টি চার দিয়ে। ওয়ানডেতে এটি তার সপ্তম শতক। গম্ভীরের ৯০ বলের ইনিংসে ১০টি চার। এর আগে অতিথিদের শুরুটাও ভালো হয়নি। কোনো রান না করেই আউট হয়ে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যালিস্টার কুক ও ক্রেইগ কিসওয়েটার। শূন্য রানে দুই উইকেট হারানোর পর জোনাথন ট্রট (৩৪) ও কেভিন পিটারসেনের ৪৮ রানের জুটি খানিকটা স্বস্তি ফিরিয়ে আনে ইংল্যান্ড শিবিরে। এরপর রবি বোপারাকে (৩৬) নিয়ে ৭৩ রানের আরেকটি ভালো জুটি গড়েন পিটারসেন (৪৬)। তবে দলীয় ১২১ রানে দুজনই বিদায় নিলে আবারো বিপদে পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু জনি বেয়ারস্টো ও সমিত প্যাটেলের ৮৬ রানের জুটির সুবাদে দু শ পার হয় সফরকারীরা। যদিও চার রানের ব্যবধানে প্যাটেল (৪২) ও বেয়ারস্টো (৩৫) বিদায় নিলে আড়াই শর আগেই থেমে যায় ইংল্যান্ডের ইনিংস। ভারতের পক্ষে সেরা বোলিং বিনয় কুমারের। ৩০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন এই মিডিয়াম পেসার। আরেক পেসার উমেশ যাদবের শিকার দুই উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৪ঘ.