ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাটো লেন্থের বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতার কথা কারো অজানা নয়। প্রথম প্রস্তুতি ম্যাচে খাটো লেন্থে বল করে সাফল্যও পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। তবু রবি রামপাল জানিয়েছেন, ব্যাটসম্যানদের পাঁজর লক্ষ্য করে নয়, পিচের চরিত্র অনুযায়ী বল করাই তাদের লক্ষ্য।
শুক্রবার ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশকে ৬৫ রানে হারানোর পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন রামপাল।
তিনি বলেন, "পেসাররা সব সময় আক্রমণাত্মক হয়। আমিও পিচ থেকে সহায়তা নেয়ার চেষ্টা করেছি।"
"জোরে বল করা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ," যোগ করেন তিনি।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ওয়ানডেতে দুই প্রান্ত থেকে দুটো আলাদা বল ব্যবহার করা হবে। এর ফলে পেসারদের বলকে রিভার্স সুইং করাতে সমস্যা হওয়ার কথা। তবু এই সিদ্ধান্ত পেসারদের পক্ষে গেছে বলেই মনে করেন রামপাল।
তিনি বলেন, "দুই প্রান্তে দুটো আলাদা বল ব্যবহার করা হলে অনেকক্ষণ বলের ঔজ্জ্বল্য অক্ষুন্ন থাকবে। তাই রিভার্স সুইং পাওয়া না গেলেও বাড়তি সুইং ঠিকই পাবেন পেসাররা। ফলে শুরুর ওভারগুলোতে উইকেট পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে।"
প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং সম্পর্কে রামপাল বলেন, "এই পিচে কী করে খেলতে হয় সে ব্যাপারে ব্যাটসম্যানদের ভালো ধারণা ছিল না। তারা বেশি শট খেলতে চেয়েছেন। কিন্তু এখানে শট খেলা তেমন সহজ নয়।"
"ব্যাটসম্যানদের পিচের চরিত্র বুঝতে বেশ সময় লেগেছে। তবে এই ম্যাচ খেলে তাদের মূল্যবান অভিজ্ঞতা হয়েছে," যোগ করেন তিনি।
প্রস্তুতি ম্যাচের জয় সম্পর্কে রামপাল বলেন, "জয় দিয়ে শুরু করা সব সময় গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৪ঘ.
bdnews24