২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো খেলার ব্যাপারে আশাবাদী মাহমুদুল্লাহ

প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলের সামনে দাঁড়াতেই পারেনি জাতীয় দল সদৃশ বাংলাদেশ লাল দল। তবে ঐ হারকে তেমন গুরুত্ব দিতে রাজি নন মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের নতুন সহ-অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ সবুজ দলের সামনে দাঁড়াতেই পারেনি জাতীয় দল সদৃশ বাংলাদেশ লাল দল। তবে ঐ হারকে তেমন গুরুত্ব দিতে রাজি নন মাহমুদুল্লাহ রিয়াদ। জাতীয় দলের নতুন সহ-অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলার ব্যাপারে আশাবাদী। বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাল দলের অনুশীলন শেষে মাহমুদল্ল¬াহ বলেন, "ঐ ম্যাচে হেরে গেলেও আমাদের ওপরে কোনো চাপ নেই। আমরা তো নিজেদের মধ্যেই খেলছি। সেদিন অবশ্য আমাদের দলের ব্যাটসম্যানরা একদমই ভালো খেলতে পারেননি। তবে নিজেদের প্রস্তুত করতে আরেকটি সুযোগ পাচ্ছি আমরা।" সুযোগটা বৃহস্পতিবারই পেয়ে যাচ্ছে লাল দল। ফতুল্ল¬াহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে আবার সবুজ দলের মুখোমুখি হচ্ছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে মাহমুদুল্লাহ আশাবাদী। তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিলাম। আর ঐ দলটি বর্তমান দলের চেয়ে শক্তিশালীও ছিল।" এবারও বাংলাদেশ ভালো করবে বলেই মনে করেন তিনি। তবে সেজন্য ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করার ওপর জোর দেন বাংলাদেশের সহ-অধিনায়ক। টেস্ট এবং ওয়ানডে সিরিজেও ভালো খেলার ব্যাপারে আশাবাদী মাহমুদুল্লাহ। তিনি বলেন, "আমরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করা সম্ভব। বিসিবি কাপ ও প্রস্তুতি ম্যাচে আমরা যেভাবে খেলেছি তা ধরে রাখতে পারলে সিরিজে ভালো করার আশা রাখি।" "ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় শক্তি তাদের পেস আক্রমণ। ওদের সব পেসারই ভালো খেলছেন," যোগ করেন তিনি। সিরিজটাকে বাংলাদেশ ভীষণই গুরুত্ব দিচ্ছে বলে জানান মাহমুদুল্ল¬াহ । তিনি বলেন, "এই সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরে যাওয়ার পর আমরা ভীষণ তেতে আছি।" "এবার আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ব্যাটসম্যানরা সবাই কঠোর পরিশ্রম করেছেন। এই সিরিজে প্রত্যেকেই ভালো করতে চান," যোগ করেন তিনি। মাহমুদুল্লাহ বলেন, "উদ্বোধনী জুটিকে ভালো সূচনা এনে দিতে হবে। এরপর মাঝের সারির ব্যাটসম্যানদের ধারাবাহিকতা ধরে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।" ড্যারেন স্যামির দলে ক্রিস গেইলের অনুপস্থিতি বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তিতে রাখবে বলে মনে করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৫ঘ.