ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে রান না পাওয়া নিয়ে চিন্তিত নন সাকিব আল হাসান।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য ভারতে যান সাকিব। কলকাতার গ্র"প পর্বের সবগুলো খেলাশেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে অংশ নিতে রোববার দেশে ফিরে আসেন তিনি।
ফিরেই বিকেলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সবুজ দলের অনুশীলন দেখতে চলে আসেন সাকিব।
চ্যাম্পিয়ন্স লিগে নিজের ব্যাটিং সম্পর্কে বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, "রান না পাওয়া নিয়ে আমি মোটেও চিন্তিত নই। রান যখন হবার তখন ঠিকই হবে।"
বোলিং নিয়েও তিনি সন্তুষ্ট। উইকেট কম পেলেও আগের চেয়ে ভালো বল করেছেন বলেই মনে করেন সাকিব।
তিনি বলেন, "ব্যাঙ্গালোরের পিচে বল করা এমনিতেই কঠিন। সেজন্যই হয়তো সেখানে উইকেট পাইনি। তারপরও এটা আমার কাছে তেমন সমস্যা বলে মনে হয়নি।"
এ বছরের শুরু থেকেই একটানা খেলে যেতে হচ্ছে সাকিবকে। তবু নিজেকে তেমন ক্লান্তমনে হচ্ছে না তার ।
আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে খেলার কারণে বাংলাদেশের অন্য ক্রিকেটারদের চেয়ে তার টি-টোয়েন্টি প্রস্তুতি তুলনামূলক ভালো। এটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের কাজে আসতে পারে বলেই তার ধারণা।
সাকিব বলেন, "কঠিন কোনো পরিস্থিতিতে হয়তো আমার অভিজ্ঞতা কাজে লাগবে।"
দল যেখানে চাইবে সেখানেই ব্যাট হাতে নামতে প্রস্তুত সাকিব। তিনি বলেন, "দল যেখানে ভাল মনে করবে সেখানেই আমাকে ব্যাটিং করতে পাঠাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৮ঘ.
bdnews24