২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির মন্তব্য হতাশারই বহিঃপ্রকাশ

শচীন টেন্ডুলকার সম্পর্কে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি যা বলেছেন, হতাশা থেকেই তার জন্ম হয়েছে বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকার সম্পর্কে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি যা বলেছেন, হতাশা থেকেই তার জন্ম হয়েছে বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকার। আফ্রিদি করাচিতে সংবাদিকদের বলেন, পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের বোলিংয়ের মুখে টেন্ডুলকারের পা কাঁপতে দেখেছেন তিনি। এ কথা বলে টেন্ডুলকারকে নিয়ে আখতারের আত্মজীবনী গ্রন্থে যে বিতর্কিত মন্তব্য করা হয়েছে, প্রকারান্তরে তার প্রতিই সমর্থন জানান আফ্রিদি। বইটিতে আখতার লেখেন, "আমার বল খেলতে টেন্ডুলকার ভয় পেতেন।" আফ্রিদির মন্তব্যের প্রতিক্রিয়ায় ওয়াদেকার বলেন, "হতাশা থেকেই তিনি এ ধরনের মন্তব্য করছেন বলে আমার মনে হয়। আফ্রিদি এমন একজন সম্পর্কে মন্তব্য করেছেন, যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯টি শতক হাঁকিয়েছেন। বিশ্বের সব জায়গায় তিনি রান করেছেন।" "ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো করছে। ভালো করছে ক্রিকেট দলও, কেবল ইংল্যান্ড সিরিজ ছাড়া। দেশ হিসেবেও অর্থনৈতিকভাবে আমরা ভালো করছি। অন্যদিকে পাকিস্তানি খেলোয়াড়রা তো খেলার খুব একটা সুযোগই পাচ্ছেন না। কেননা ক্রিকেট খেলুড়ে কোনো দেশ তাদের দেশে খেলতে যেতে চায় না," যোগ করেন তিনি। আফ্রিদির মন্তব্য ও আখতারে বইয়ের দাবির কি জবাব টেন্ডুলকারের দেয়া উচিত? এই প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন রাখেন ওয়াদেকার, "কেন দেবেন?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৭ ঘ.