ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ পর্যন্ত হাঁটুর চোটের কাছে পরাস্ত হলেন অস্ট্রেলিয়ার মিডিয়াম পেসার নাথান ব্রাকেন। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
২০০১ সালের ১১ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয়েছিলেন লম্বা চুলের এই বাঁ-হাতি পেসারের। আর শেষ একদিনের ম্যাচ খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে।
৩৩ বছর বয়সী নাথান ব্রাকেনের কপালে মাত্র ৫ টি টেস্টে টুপি পড়লেও একদিবসীয় ম্যাচ খেলেছেন ১১৬ টি। ২৪.৩৬ গড়ে উইকেট নিয়েছেন ১৭৪ টি। অস্ট্রেলিয়ার সবোর্চ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় তার অবস্থান ষষ্ঠ।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপ জয়ে নাথানের অনেক বড় অবদান ছিল। ১৬ উইকেট সংগ্রহ করেছিলেন তিনি।
২০০৮ সালে বিশ্বের নাম্বার ১ বোলারের তকমা পেয়েছিলেন নাথান। আইসিসির ঘোষিত এক দিবসীয় ক্রিকেটর বিশ্ব একাদশেও জায়গা হয়েছিল তার।
পরের বছর অস্ট্রেলিয়ার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন লম্বা চুলের এই বোলার।
বিদায় বেলায় নাথান ব্রাকেন বলেছেন, 'আন্তর্জাতিক ও ঘরোয়া উভয় ক্রিকেটই উপভোগ করেছি আমি। দূভার্গবশতঃ হাঁটুর চোট কেড়ে নিল সবকিছু।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ
bdnews24