ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, এই তিন বিভাগে এক সঙ্গে জ্বলে উঠতে পারলে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারবে বলে মনে করছেন দলের প্রধান কোচ জেমি সিডন্স।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিডন্স বলেন, "বাংলাদেশ নিঃসন্দেহে ভারসাম্যপূর্ণ দল। সাকিব ও রাজ্জাকের মতো ম্যাচ-জেতানো খেলোয়াড়ের পাশাপাশি দলে বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছেন।"
নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর ক্ষমতা বাংলাদেশের আছে বলে মনে করেন তিনি। বলেন, "অতীতে এর প্রমাণও মিলেছে। এমনটা ঘটতে পারে এবারো। তবে এ জন্য তিন বিভাগকে এক সঙ্গে জ্বলে উঠতে হবে।"
ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। তারপরও অলরাউন্ডারদের ওপর ভর করে প্রতিটি খেলায় ২৪০/২৫০ রান করতে চান সিডন্স। তিনি বলেন, এই রান করতে পারলে বাংলাদেশ যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে।
প্রতি খেলায় সব ব্যাটসম্যানের রান পাওয়ার দরকার নেই বলে জানিয়ে তিনি বলেন, "তবে অন্তত দুই-তিনজনকে ভালো রান করতে হবে।"
"মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ধারাবাহিকভাবে ভালো ব্যাট করেছে বলে 'ব্যাটিং পাওয়ার প্লে'তে তাদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে," বলেন সিডন্স।
কোচ হিসেবে এটাই সিডন্সের প্রথম বিশ্বকাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এনআই/২১০৬ ঘ.
bdnews24