ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোট পাওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো বল হাতে নিলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মর্তুজা। পূর্ণ-গতিতে নয়, নেটে ফিজিও মাইক হেনরির সঙ্গে চার-পাঁচ কদম দৌড়ে ৪ ওভারের মতো বল করেন তিনি।
ইস্পাহানি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার একটি খেলায় চোট পাওয়ার পর দ্রুত মাঠে ফেরার প্রতিশ্র"তি দিয়েছিলেন মাশরাফি। গত কয়েকদিন ধরে দৌড় ও নেটে ব্যাটিং অনুশীলন করে আসছিলেন। এবার বল হাতে নিয়ে তিনি বলেন, তিনি তার সাধ্য মতো চেষ্টা করে যাবেন।
মাশরাফি দলে আছেন কি? এই প্রশ্নে যেন আটকে আছে বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা। বুধবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার আগে দেশ সেরা পেসারের ভাগ্য নিয়ে কথা বলতে নারাজ সংশ্লিষ্ট সবাই।
মাশরাফি দলে না থাকলে কোনো বিতর্ক সৃষ্টি হবে কিনা? প্রশ্নটি স্রেফ উড়িয়ে দিলেন জাতীয় দলের প্রধান কোচ জেমি সিডন্স। মিরপুর একাডেমি মাঠে বাংলাদেশ দলের অনুশীলন শেষে তিনি বলেন, পুুরো সুস্থ মাশরাফিকে তিনি বিশ্বকাপ দলে চান। মাশরাফির বল হাতে নেয়াকে দেখছেন তিনি ইতিবাচক দৃষ্টিতে।
তবে বিশ্বকাপে নিজেদের প্রথম খেলার আগে মাশরাফি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন কি না, সে ব্যাপারে সন্দেহ আছে সিডন্সের। তিনি বলেন, "বড় অসময়ে চোট পেয়েছে ও।"
বিশ্বকাপ দলে মাশরাফি থাকবেন কি না, জানতে চাইলে নির্বাচকদের কোর্টে বল ঠেলে দেন তিনি। তারপরও বলেন, "মঙ্গলবার চার-পাঁচ পা দৌড়ে বল করেছে মাশরাফি। পূর্ণ-গতিতে দৌড়াতে এখনও অন্তত ১০দিন লাগবে। এছাড়া খেলার মতো সুস্থ হয়ে উঠতে বেশ সময় লাগবে।"
মাশরাফিকে দলে রাখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হতে পারে বলে জানান সিডন্স। প্রয়োজনে চোট দেখিয়ে বিকল্প খেলোয়াড় নেয়ার পথ খোলা থাকায় দলে তাকে নেয়ারও আভাস দিলেন তিনি।
সিডন্স বলেন, "জিম্বাবুয়ের বিপেক্ষ সম্পূর্ণ সুস্থ ছিলেন মাশরাফি। প্রথম দিকে খুব একটা ভালো না করলেও ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন মাশরাফি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/এনআই/১৯২২ ঘ.
bdnews24