ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুশীলনে ব্যাটিং করলেও এখনো বোলিং করেননি বাংলাদেশের সেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। বোলিং শুরু করতে আরো সময় চান তিনি।
কী, মাশরাফি ব্যাটিংয়ে নাকি? মাঠে ঢুকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক রফিকুল আলম। উত্তরও এলো সঙ্গে সঙ্গে, হ্যাঁ ফাটাচ্ছে। চোটের সঙ্গে যুদ্ধ করা মাশরাফি সত্যি সত্যিই অনুশীলনে বোলারদের উপর চড়াও হয়েছেন। অবশ্য এটা তার বিশ্বকাপ দলে থাকার নিশ্চয়তা দিচ্ছে না। আসল কাজ যে বোলিং সেটাই এখন পর্যন্ত শুরু করতে পারেন নি।
টাইগারদের প্রধান কোচ জেমি সিডন্সের পরিকল্পনায় আছেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফিকে দলে চান তিনি। তবে তার আগে প্রথম ম্যাচে খেলার মতো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে হবে তাকে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, "ম্যাশ (মাশরাফি) দৌড় শুরু করেছেন, তবে এখনো নেটে বোলিং শুরু করেননি।"
সিডন্স বলেন, "তিন চার দিনে পরিস্থিতির কোনো হেরফের হবে না। দেখতে হবে ১৯ ফেব্র"য়ারি প্রথম ম্যাচ খেলার আগে ম্যাশ সম্পূর্ণ সুস্থ হয় কিনা। তবে সিদ্ধান্তটা নিতে হবে বোর্ড ও নির্বাচকদেরই।"
মাশরাফির চোটের উন্নতি হচ্ছে জানিয়ে সিডন্স বলেন, "ম্যাশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। এটা দুর্ভাগ্য চোটের থেকে ছন্দ পাওয়ার মুহূর্তে আবার চোটে পড়ে ম্যাশ। ১২ মাসে খুব বেশি ক্রিকেট খেলা হয়নি তার।"
মাশরাফির বিকল্প সম্পর্কে সিডন্স বলেন, "গত ২ বছরে অনেক সম্ভাবনাময় পেসারই খেলেছেন, তাদের যে কেউ ম্যাশের বিকল্প হতে পারেন।"
বিশ্বকাপ খেলতে জেনেশুনেই ঝুঁকি নিচ্ছেন মাশরাফি। বলেন, "আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব। ধীরে হলেও উন্নতি হচ্ছে। চোটের অবস্থা আগের চেয়ে ভালো। এখন ব্যথা নেই। তবে বল হাতে নিতে আরও সময় লাগবে। বল করার ব্যাপারে আমি কিছু বলছি না, এটা ফিজিও'র উপর ছেড়ে দিয়েছি।"
অনেকেই বলছেন, এবারের চোট মাশরাফির ক্যারিয়ারই শেষ করে দিতে পারে। এর দ্বিমত পোষণ করে তিনি বলেন, "যারা এমনটা বলছে তারা না জেনেই বলছে। ক্যারিয়ারে অনেকবারই এমন হয়েছে। এই চোটে ক্যারিয়ার শেষ হবে না।"
চোট কাটিয়ে বিশ্বকাপ দলে ঠাঁই মেললেও ভুগাতে পারে ম্যাচ ফিটনেস। এ সম্পর্কে মাশরাফি বলেন, "এবার চোটে পড়ার আগে ৬ মাস ছিলাম দলের বাইরে। তারপরেও খুব একটা সমস্যা হয়নি। তৃতীয় ম্যাচেই ফিরে পেয়েছি ছন্দ। বিশ্বকাপের আগেও দু'টি অনুশীলন ম্যাচ রয়েছে। এ ছাড়া আমাদের অনুশীলনও ম্যাচের সমান। এখানে যথেষ্ট চাপ থাকে।"
বিশ্বকাপ খেলতে মরিয়া নড়াইল এক্সপ্রেস মনে করেন তার উপর বাড়তি কোনো চাপ নেই। "অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কত তাড়াতাড়ি বল শুরু করতে পারবো তার উপরেই নির্ভর করছে এটা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এনআই/১৭৪৪ ঘ.
bdnews24