ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মঙ্গলবার ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ২০ রানে হারিয়েছে প্রাইম দোলেশ্বরকে। সূর্যতরুণের বিপক্ষে ১০ উইকেটে জিতেছে ওল্ড ডিওএইচএস। গাজী ট্যাংক ক্রিকেটার্সের কাছে ৬ উইকেটে হার মেনেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ক্রিকেট কোচিং স্কুলকে ব্যাট করতে পাঠায় প্রাইম দোলেশ্বর। নির্ধারিত ৪৮ ওভারে ৫ উইকেটে ২৬৩ রান করে সিসিএস।
নাজমুল হোসেন করেন অপরাজিত ৭৪। এছাড়া অমিত মজুমদার ৫০, শওকত আলী ৪৭ ও সুলেমান খান ৪৩ রান করেন।
প্রাইম দোলেশ্বরের কায়সার আব্বাস ৩ উইকেট নেন ৪৪ রানে।
রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ২৪৩ রানে থেমে যায় প্রাইম দোলেশ্বরের পালা। দলের পক্ষে অধিনায়ক নাদিফ চৌধুরি সবচেয়ে বেশি ৭১ রান করেন। এছাড়া সুমন কুমার করেন ৩৫।
সিসিএস'র আবুল বাশার ৩ উইকেট নেন ৩৯ রানে।
নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ওল্ড ডিওএইচএস ব্যাট করতে পাঠায় সূর্যতরুণকে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৫২ রান করে দলটি। দেবেন্দ্র সিং ও আসিফ রাজা, দু'জনই করেন ৩২ রান। এছাড়া ধীমান ঘোষ করেন ৩১।
ফরহাদ রেজা ৪ উইকেট নেন ১৫ রানে। নাবিল সামাদ ও শফিউল আলম ২টি করে উইকেট নেন। এ জন্য নাবিল খরচ করেন ১০ রান। শফিউল দেন ৪০।
জবাবে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্য ১৫৩ টপকে ১৫৫ রানে পৌঁছে ওল্ড ডিওএইচএস। নাসির জামশেদ অপরাজিত ৮০ ও জাভেদ ওমর অপরাজিত ৫৫ রান করেন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান মাঠে টস জিতে বিকেএসপিকে ব্যাট করতে পাঠায় গাজী ট্যাংক ক্রিকেটার্স।
গাজী ট্যাংকের বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে ১২১ রানেই গুটিয়ে যায় বিকেএসপি। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪৪ রান করেন আসিফ আহমেদ।
সঞ্জামুল ইসলাম ৪ উইকেট নেন ২০ রান দিয়ে। এছাড়া অলক কাপালি ২ উইকেট নেন। এজন্য তিনি খরচ করেন ৩ রান।
রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ১২২ রান টপকে ১২৫ রানে পৌঁছে যায় গাজী ট্যাংক। নাঈম ইসলাম অপরাজিত ৫৬ রান করেন। অলক কাপালি করেন অপরাজিত ৩৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৪৮ ঘ.
bdnews24