২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে লি, টেইট ও ডেভিড হাসি

ইংল্যান্ডের বিপক্ষে একদিনের দলে জায়গা পেয়েছেন ব্রেট লি, শন টেইট ও ডেভিড হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2011, 11:55 AM

Updated : 24 Aug 2022, 02:17 PM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে একদিনের দলে জায়গা পেয়েছেন ব্রেট লি, শন টেইট ও ডেভিড হাসি। সাত ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৬ জানুয়ারি। ১৫ সদস্যের বিশ্বকাপ দল নির্বাচনের আগে এটিই হবে অস্ট্রেলিয়ার শেষ একদিনের খেলা। তাই ভালো খেলে নির্বাচকদের নজর কেড়ে বিশ্বকাপ দলে ঠাঁই করে নেয়ার একটা সুযোগ সৃষ্টি হলো লি, টেইট ও ডেভিড হাসির সামনে। নাথান হরিৎজ, জাভিয়ের ডোয়ার্টি ও স্টিভেন স্মিথও জায়গা পেয়েছেন ১৪ সদস্যের দলে। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার স্পিন-সহায়ক পিচে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে বলে তিনজনই চেষ্টা করবেন নির্বাচকদের নজর কাড়ার। দলের লাগাম থাকছে মাইকেল ক্লার্কের হাতে। তবে আঙ্গুলের চোট না সারায় রিকি পন্টিংকে থাকতে হচ্ছে দর্শক হয়ে। ব্র্যাড হ্যাডিনকেও নেয়া হয়েছে দলে। বিশ্বকাপে উইকেটের পেছনে তিনিই থাকবেন বলে মনে করা হচ্ছে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে আরেক উইকেটরক্ষক টিম পেইনকে। সেরা একাদশে থাকলে ২০০৯ সালের অক্টোবরের পর একদিনের আন্তর্জাতিক খেলায় প্রথমবারের মতো মাঠে দেখা যাবে লিকে। ডেভিড হাসিও সর্বশেষ একদিনের ক্রিকেট ম্যাচ খেলেন ২০০৯ সালের আগস্টে স্কটল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে বাকি ছয়টি একদিনের খেলার জন্য দল পরে ঘোষণা করা হবে। দল: শেন ওয়াটসন, ব্র্যাড হ্যাডিন (উইকেটরক্ষক), মাইকেল ক্লার্ক (অধিনায়ক), ক্যামেরন হোয়াইট, ডেভিড হাসি, মাইক হাসি, স্টিভেন স্মিথ, মিচেল জনসন, নাথান হরিৎজ, ব্রেট লি, জাভিয়ের ডোয়ার্টি, পিটার সিডল, শন টেইট ও ডোগ বোলিঞ্জার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২১ ঘ.