ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের মাটিতে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়তে যাচ্ছেন যুবরাজ সিং। বাজে ফর্ম, বিতর্ক এবং বিভিন্ন সময়ে শৃংখলাভঙ্গের অভিযোগের পর নির্বাচকরা আবারো জাতীয় দল থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন তাকে।
ভারতীয় নির্বাচকরা যুবরাজের ওপর নির্ভর না করে তরুন কাউকে গড়ে নিতে চাইছেন ভবিষ্যতের জন্য। সেক্ষেত্রে অস্ট্র্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে মহেন্দ্র সিং ধোনির দলে অভিষেক হতে পারে চেতেশ্বর পুজারার।
সোমবার সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে প্রাথমিক তালিকাতেই নেই যুবরাজের নাম।
ইংল্যান্ড এবং স্কটল্যান্ড সফরে ভারত 'এ' দলের হয়ে ব্যাটে সেরা পারফরমেন্সেরই পুরস্কার পেতে যাচ্ছেন ২৩ বছর বয়সী পুজারা। শ্রীলংকায় তিন টেস্টের সিরিজে যুবরাজ একটি ম্যাচ খেলেছিলেন। দুই ইনিংসে তার রান ছিল ৫৭।
তার চেয়েও বড় কথা যুবরাজের বদলি হিসেবে খেলতে নেমে টেস্ট অভিষেকে সুরেশ রায়না দুর্দান্ত সুচনা করেছিলেন। দুই টেস্টে ১১১.৫ গড়ে করেন ২৩৩ রান। ছিলেন ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে।
তাই পন্টিংদের বিপক্ষে কঠিন সিরিজেও রায়নাকে রেখে দিচ্ছেন নির্বাচকরা। দুই ওপেনার শেবাগ ও গম্ভীর। তিনে দ্রাবিড়, চারে শচীন, পাঁচে লক্ষণ, ছয়ে রায়না এবং সাতে অধিনায়ক ধোনি। তারপর চার বোলার।
ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু ১ অক্টোবর, মোহালিতে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ অক্টোবর, ব্যাঙ্গালোরে। দুই টেস্টের সিরিজের পর দু'দল তিনটি একদিনের ম্যাচও খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৬৪৩ঘ.
bdnews24