২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালি বন্দনায় ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা

ক্রিকেট ইতিহাসে শুরু হলো মুত্তিয়া মুরালিধরনবিহীন শ্রীলঙ্কার টেস্ট যাত্রা। বৃহস্পতিবার টেস্টে রেকর্ড আটশতম উইকেট নিয়ে বিদায় বলেছেন এই স্পিনার। তবে থেমে নেই মুরালি বন্দনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2010, 01:11 PM

Updated : 25 Aug 2022, 04:29 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট ইতিহাসে শুরু হলো মুত্তিয়া মুরালিধরনবিহীন শ্রীলঙ্কার টেস্ট যাত্রা। বৃহস্পতিবার টেস্টে রেকর্ড আটশতম উইকেট নিয়ে বিদায় বলেছেন এই স্পিনার। তবে থেমে নেই মুরালি বন্দনা। লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা মনে করেন মুরালির অভাব পুষিয়ে নেয়া সহজ হবে না। তিনি বলেন, ''আমি মনে করি সহসাই আমরা আরেকজন মুরালি পাবো না। ওর মতো প্রতিভাবান ক্রিকেটার অনেক সাধনার পর তৈরি হয়। মনে হয় না এভাবে কোন বোলার প্রায় প্রতি টেস্টে আট উইকেট শিকার করে যাবে।'' ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের মতে মুরালির এই অর্জন বিস্ময়কর। তিনি বলেন, ''তার অর্জনকে রীতিমতো বিস্ময়কর মনে হচ্ছে। আমি নিজেও স্পিন বোলার ছিলাম। জানি একটা উইকেটের মূল্য কতো! আটশ উইকেট স্বপ্নেই কেবল ভাবা যায়।'' মুরালিধরনের প্রশংসায় মেতেছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাক। তিনি বলেন, ''ইচ্ছে করলেই আরো এক কিংবা দুই বছর ক্রিকেটে থাকতে পারতো মুরালি। খেলোয়াড়ি জীবনের শেষ টেস্টেও আট উইকেট নিয়েছেন তিনি।'' জাভেদ মিঁয়াদাদ মনে করেন সঠিক সময়েই সরে দাঁড়িয়েছেন মুরালিধরন। তিনি বলেন, ''আমার মনে হচ্ছে ঠিক সময়ই সরে দাঁড়িয়েছে মুরালি। এভাবে মাথা উঁচু করে বিদায় নেয়ার সুযোগ সবাই পায় না। এমন বিদায় ওর প্রাপ্য।'' আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াকার ইউনিস বলছিলেন, ''একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে ওর টেস্টে খেলাই উচিত ছিল ওর। তারপরও এই রেকর্ডের পর তার নাম আলাদা করে নিতেই হবে।'' সাবেক ক্রিকেটার মইন খান মুরালিধরনকে বললেন, ''সত্যিকারের এক যোদ্ধা।'' কারণ ব্যাখা করে বলেন, ''দেখুন মাঠেই নয়, মাঠের বাইরেও লড়তে হয়েছে ওকে। বারবারই চাকিংয়ের অভিযোগ উঠেছে। কিন্তু বারবারই ফিরে এসেছে। এটা কেবল যোদ্ধারাই পারে।'' এদিকে আরেক পাকিস্তানি সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম তুলে আনলেন মাঠের বাইরের মুরালির মানবিক দিক, ''ক্রিকেটার হিসেবেই নন মানুষ হিসেবেও অসাধারণ। সুনামি আক্রান্তদের পাশে সবসময় থেকেছে ও।'' মুত্তিয়া মুরালিধরন টেস্ট বিদায় জানালেও একদিনের আন্তর্জাতিক ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন। ইঙ্গিত দিয়েছেন ২০১১ সালে উপমহাদেশের বিশ্বকাপ শেষে ৩৮ বছর বয়সী এই স্পিনার সবধরণের ক্রিকেটকে বিদায় বলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৯০৫ ঘ.