ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ন্যাটওয়েস্ট সিরিজের পঞ্চম ও শেষ খেলায় ইংল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
তিন ব্যাটসম্যানের অর্ধশতকের সুবাদে ২৭৭ রান করে অস্ট্রেলিয়া, সাত উইকেটে। জয়ের লক্ষ্য ২৭৮ রান তাড়া করতে নেমে ২৩৫ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
লর্ডসে রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ৯৫ রান করেন পল কলিংউড। এছাড়া টিম ব্রেসন্যান ৩৪, গ্রায়েম সোয়ান ৩৩, লিউক রাইট ২১ ও ক্রেগ কিসওয়েটার ১১ রান করেন। অন্য ব্যাটসম্যানদের কেউ দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৪ উইকেট নেন শন টেইট, ৪৮ রানে।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সবচেয়ে বেশি ৭৯ রান করেন মাইক হাসি। এছাড়া শন মার্শ ৫৯ ও টিম পেইন ৫৪ রান করেন। এছাড়া উল্লেখ করার মতো রান কেউ করতে পারেননি।
ইংল্যান্ডের পক্ষে চার উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, ৬৪ রানে। গ্রায়েম সোয়ান ৩২ রানে নেন তিন উইকেট।
পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ এ জিতে নিয়েছে ইংল্যান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৫৩ ঘ.
bdnews24