ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিপর্যয় কাটিয়ে উঠেছে ইংল্যান্ড। ইয়ান বেলের অপরাজিত ও কেভিন পিটারসেনের অর্ধ-শতকের সুবাদে দিন শেষে ভালো অবস্থায় পৌঁছে গেছে তারা। রান তুলেছে ২৭৫, পাঁচ উইকেটে। তবে বৃষ্টি ও আলোর অভাবে পুরো ৯০ নয়, খেলা হয়েছে ৮৩ ওভার।
ইয়ান বেল ব্যাট করছেন ৮৭ রান নিয়ে। তিনি তার ১৭১ বলের ইনিংসটি সাজিয়েছেন ৯টি চার ও একটি ছক্কা দিয়ে। অপর ব্যাটসম্যান ম্যাট প্রায়র অপরাজিত রয়েছেন ২১ রানে।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় টেস্টের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে খারাপ করেনি ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক ৪৪ রান তোলেন। শফিউল ইসলামের অফ-স্ট্যাম্পের বাইরের বলটি খেলতে গিয়েই বিপদ ডেকে আনেন স্ট্রাউস। বলটি তার ব্যাট ছুঁয়ে দ্বিতীয় স্লিপে ইমরুল কায়েসের হাতে জমা পড়ে।
দলের সঙ্গে আর চার রান যোগ হতেই ফিরে যান জোনাথন ট্রট (৩)। ফুলার লেঙথের বলটি দেরিতে সুইং করে ভেতরে ঢুকছিল। ব্যাটের ভেতরের দিকে লেগে ট্রটের স্ট্যাম্প ভেঙ্গে দেয় বলটি।
এ অবস্থায় হাল ধরে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান কুক ও কেভিন পিটারসেন। দলের সঙ্গে ৩৫ রান যোগ হওয়ার পর দলীয় ৮৩ রানের মাথায় আব্দুর রাজ্জাকের বলে জুনাইদ সিদ্দিকীর হাতে ধরা পড়ে ফিরে যান কুক ২৯ রান করে। রাজ্জাকের অফ-স্ট্যাম্পের বাইরের ফ্লাইটেড বলটি বুঝতে পারেননি তিনি। খেলতে গেলে ব্যাট ছুঁয়ে বলটি চলে যায় ফার্স্ট স্লিপে।
পিটারসেন ও ইয়ান বেল দলের সঙ্গে ৭০ রান যোগ করার পর ১৫৩ রানের মাথায় সাকিবের বল উইকেট থেকে বেরিয়ে গিয়ে খেলতে যান পিটারসেন। কিন্তু ব্যাটে-বলে এক করতে পারেননি। নিজের জায়গায় ফিরে আসার আগে বাকি কাজটা সেরে ফেলেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। পিটারসেনের ৬৪ রানের ইনিংসে চার রয়েছে সাতটি ও ছক্কা একটি।
এ অবস্থায় ইনিংস মেরামতের কাজ আবার শুরু করেন ইয়ান বেল ও ইয়ন মর্গান। এ কাজে কিছুটা সফলও হন তারা। দলের সঙ্গে যুক্ত করেন ৭০ রান। শাহদাত হোসেনের বলে স্কোয়ার কাট করেন মর্গান। ডানদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি লুফে নেয়ার আগে মর্গান করেন ৩৭। এই ক্যাচটির কথা অনেকদিন মনে থাকবে দর্শকদের।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান এ পর্যন্ত নিজেকেসহ পাঁচ বোলার ব্যবহার করেছেন। শফিউল ইসলাম দুই উইকেট নিয়েছেন ৩৭ রানে। একটি করে উইকেটটি নিয়েছেন শাহাদাত হোসেন, রাজ্জাক ও সাকিব। এজন্য রাজ্জাক রান দিয়েছেন ৪৪। সাকিব ৬১ ও শাহাদাত ৬৬।
প্রথম টেস্টে বাংলাদেশ ৮ উইকেটে হার মানে ইংল্যান্ডের কাছে।
ইংল্যান্ডের সঙ্গে সাতটি টেস্ট খেললেও একটিতেও জিততে পারেনি বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২৩০৪ ঘ.
bdnews24