ঢাকা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের খেলায় দক্ষিণ আফ্রিকার কাছে ১৩ রানে হেরেছে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৫৭ রান তোলে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ওভারে ১৭০ রান সংগ্রহ করে, ৪ উইকেটে।
বার্বাডোজের কেনসিংটন ওভালে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে বড় স্কোরের ভিত্তি গড়ে দেন উদ্বোধনী ব্যাটসম্যান জ্যাকস ক্যালিস ও হার্শেল গিবস। উদ্বোধনী জুটির বিদায়ের পরই দেখে-শুনে দলের ইনিংসকে এগিয়ে নিতে থাকেন প্রোটিয়াস ব্যাটসম্যানরা। তবে শেষ ৫ ওভারে নিউজিল্যান্ড বোলারদের উপর চড়াও হয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন অ্যালবি মর্কেল ও এবি ডি ভিলিয়ার্স।
মর্কেল ১৮ বলে করেন ৪০ রান। কোনো বাউন্ডারি না মারলেও ৫টি ছক্কা ছিল তার ইনিংসে! অন্যদিকে ৩৯ বলে ৪৭ রান আসে ভিলিয়ার্সের ব্যাট থেকে। এছাড়া ক্যালিস ৩১ ও হার্শেল গিবস ৩০ রান করেন।
ম্যাককুলাম, টিম সাউদি ও জ্যাকব ওরাম প্রত্যেকেই ১টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলামকে হারিয়ে চাপের মুখে পড়ে কিউইরা। জেসি রেইডার ও মার্টিন গাপটিলের ব্যাটে প্রাথমিক বিপদ কাটিয়ে ওঠে নিউজিল্যান্ড। কিন্তু পরের ব্যাটসম্যানরা প্রয়োজন অনুযায়ী রান সংগ্রহে ব্যর্থ হলে অল্পের জন্য জয়ের দেখা পায়নি ড্যানিয়েল ভেট্টরির দল।
রেইডার সবচেয়ে বেশী ৩৩ রান করেন। এছাড়া নাথান ম্যাককুলাম ২৬ রানে অপরাজিত থাকেন।
চার্লস ল্যাঙ্গেভেল্ট, মর্নে মর্কেল ও জন বোথা প্রত্যেকেই নেন দু'টি করে উইকেট ।
ম্যাচ সেরা বিবেচিত হন অ্যালবি মর্কেল (দক্ষিণ আফ্রিকা)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/০২৫৫ ঘ.
bdnews24