ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ডিনামাইটস। মঙ্গলবার রফিকের বিধ্বংসী বোলিংয়ে ডিনামাইটস ৪০ রানে হারায় সুলতানস অব সিলেটকে।
দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে বরিশাল ব্লেজার্স ও কিংস অব খুলনা।
বরিশাল ব্লেজার্স ৭ উইকেটে রাজশাহী রেঞ্জার্সকে ও কিংস অব খুলনা ৭৮ রানে হারিয়েছে সাইক্লোনস অব চিটাগংকে। ফলে টানা তিন ম্যাচেই হারলো সাইক্লোনস। অন্যদিকে তিন খেলায় রেঞ্জার্সের এটি প্রথম পরাজয়।
দিনের প্রথম ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে রাজশাহী মাহমুদুল হাসান ও সৈয়দ রাসেলের মারাত্মক বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি। ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে ১১৫ রান।
উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাইডেন ব্লিজার্ড ৩৯ ও সোহরাওয়ার্দী শুভ করেন ২৬ রান। মাহমুদুল হাসান ১৬ রানে তিনটি ও সৈয়দ রাসেল ১৪ রানে দু'টি উইকেট নিয়ে ধস নামান রাজশাহীর ইনিংসে।
জবাবে উদ্বোধনী ব্যাটসম্যান নাজিমউদ্দিনের ৩৩, রকিবুল হাসানের ৩৬ ও ভানুকা রাজাপাকসের অপরাজিত ৩০ রানের সুবাদে ১৬.১ ওভারে মাত্র তিন উইকেটে জয় তুলে নেয় ব্লেজার্স।
নাঈম ইসলাম ২০ রানে দু'টি উইকেট নেন।
খেলায় ম্যাচ সেরা বিবেচিত হন বরিশাল ব্লেজার্সের মাহমুদুল হাসান।
একই মাঠে অন্য খেলায় টস জিতে ব্যাট করতে নেমে চিটাগংয়ের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৮০ রানের স্কোর গড়ে কিংস অব খুলনা।
উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস পাঁচ চার ও তিন ছয়ের সাহায্যে ৭১ রানের ইনিংস খেলেন। এছাড়া মাহেলা উদাওয়াত্তা ২৭ ও আব্দুর রাজ্জাক করেন ১৯ রান।
ফয়সাল হোসেন ১৭ রানে তিনটি উইকেট নেন। এছাড়া এনামুল হক জুনিয়র পান দুই উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে নুয়ান জয়সার বোলিং তান্ডবে হ্যারিকেন বয়ে যায় চিটাগংয়ের ওপর দিয়ে। ২৫ রানে চার উইকেট হারানো চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেটে তোলে ১০২ রান।
নাসির হোসেন ২৪ রানে অপরাজিত থাকেন।
জয়সা ২৬ রান খরচে চারটি উইকেট দখল করেন। এছাড়া আলাউদ্দিন বাবু, আব্দুর রাজ্জাক ও ডলার মাহমুদ প্রত্যেকে নেন একটি করে উইকেট। খেলায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন কিংস অব খুলনার ইমরুল কায়েস।
এদিকে বিকেএসপিতে টস জিতে ঢাকা ডিনামাইটস ব্যাটিংয়ে পাঠায় সুলতানস অব সিলেট। অধিনায়ক মাশরাফির বোলিং তোপে ৪৩ রানেই পাঁচ উইকেট হারায় ডিনামাইটস। আবারো রান পেতে ব্যর্থ হন ডিনামাইটস অধিনায়ক মোহাম্মদ আশরাফুল (০)।
তবে জীবন মেন্ডিস ও মেহরাব হোসেনের ব্যাটিংয়ে ছয় উইকেটে ১৩৩ রানের ইনিংস গড়ে আশরাফুলের দল। মেন্ডিস ৪০ ও মেহরাব অপরাজিত ৫৮ রান করেন।
মাশরাফি ২৪ রানে তিন উইকেট পান।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রফিক ও আশরাফুলের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় সুলতানসের ইনিংস। সিলেটের সাত ব্যাটসম্যান দুই অংকের রানের ঘরেও যেতে পারেননি।
অলক কাপালি ৩৩ ও নাজমুল হোসেন করেন ২১ রান।
রফিক ৭ রান ব্যয় করে চার উইকেট ও আশরাফুল ১৩ রানে নেন তিনটি উইকেট। এছাড়া শাহাদাত দু'টি উইকেট পান।
ম্যাচ সেরার নির্বাচিত হন ঢাকা ডিনামাইটসের মো. রফিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৪০ ঘ.
bdnews24