ওয়েলিংটন, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইনিংস পরাজয় এড়াতে পারলেও অস্ট্রেলিয়ার কাছে শেষ পর্যন্ত দশ উইকেটে হার মানতে হয়েছে নিউজিল্যান্ডকে।
প্রথম টেস্টের শেষদিনে মঙ্গলবার দ্বিতীয় ইনিংসে ৪০৭ রান করে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই বিনা উইকেটে গন্তব্যে পৌঁছে যায় অসিরা।
প্রথম দফায় ৫ উইকেটে করে ৪৫৯ রান করে দান ছেড়ে দেয় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম দফায় ১৫৭ করলে ফলো-অনে পড়ে নিউজিল্যান্ড।
বেসিন রিজার্ভে আগের দিনে ৬ উইকেটে ৩৬৯ রান নিয়ে পঞ্চমদিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও ড্যারিল টাফি। কিন্তু দলের সঙ্গে মাত্র ৩৮ রান যোগ করেই বিদায় নেন বাকি চার ব্যাটসম্যান।
ম্যাককালাম তার টেস্টে জীবনে পঞ্চম শতক আদায় করার পর রায়ান হ্যারিসের বলে ধরা পড়েন মাইকেল ক্লার্কের হাতে। ১৩টি চার ও ১টি ছয়ের সাহায্যে তিনি রান করেন ১০৪। এরপর আর কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি অসি বোলাদের সামনে। শূন্য রানে ফিরে যান টিম সুথি। ক্রিস মার্টিন করেন ১। কিছুক্ষণ পর ৩ রান করে সাজঘরে তাদের সঙ্গে যোগ দেন বেন্ট আর্নেলও।
তিনটি উইকেট নেন রায়ান হ্যারিস, ৭৭ রানে। নাথান হরিটজ ১১৯ রানে নেন তিন উইকেট। এছাড়া ৮০ রানে দুই উইকেট নেন ডোগ বোলিঙ্গার।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান ফিলিপ হিউজেসের অপরাজিত ৮৬ ও সায়মন ক্যাটিচের ১৮ রানের সুবাদে মাত্র ২৩ ওভারেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। মাধ্যাহ্ন বিরতির আগে খেলা হয় মাত্র ৯১ মিনিট।
হিউজেস ৮৬ রান করেন ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে। খেলেছেন মাত্র ৯১ বল।
নিউজিল্যান্ডের তিন বোলার ক্রিস মার্টিন, বেন্ট আর্নেল ও ড্যানিয়েল ভেট্টোরি কোনো সুবিধাই করতে পারেননি।
এই ম্যাচ জিতে দুই টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
হ্যামিল্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ মার্চ ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৭৫৬ ঘ.
bdnews24