ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগে খুলনা বিভাগের ছুঁড়ে দেয়া ২০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয়দিন শেষে ২ উইকেটে ৬৩ রান করেছে চট্টগ্রাম বিভাগ।
দিনের অন্য খেলায় দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে রাজশাহী বিভাগ। ৬ উইকেটে রান তুলেছে ২৬৯। ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ৮ উইকেটে করে ৪০০। প্রথম ইনিংসে ২৪১ রান করায় রাজশাহী দিন শেষে এগিয়ে আছে ১১০ রানে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার আব্দুল্লাহ আল মামুনের দুর্দান্ত বোলিংয়ে ২৬৮ রানে গুটিয়ে যায় খুলনা বিভাগ। সাগীর হোসেন সর্বোচ্চ ৭৯ রান করেন।
মামুন ৩০ রানে তিনটি উইকেট নেন। এছাড়া দু'টি করে উইকেট নেন ইলিয়াস সানি ও ইকবাল হোসেন রনি।
খুলনা প্রথম ইনিংসে করে ২৪১ রান। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রাম ৬৩ রান তুলেছে।
চট্টগ্রামের দু'টি উইকেট নেন ডলার মাহমুদ। শেষদিন বুধবার জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন আরো ১৩৯ রান। হাতে রয়েছে ৮ উইকেট ।
রাজশাহীকে প্রথম ইনিংসে ২৪১ রানে অলআউট করে বড় জয়ের স্বপ্ন দেখছিল ঢাকা বিভাগ। তবে দ্বিতীয় ইনিংসে জহুরুল ইসলাম, খালেদ মাসুদ পাইলট ও ফরহাদ রেজার অর্ধশতকে ম্যাচ বাঁচানোর সম্ভাবনা জাগিয়ে তুলেছে রাজশাহী।
জহুরুল ৭৩, পাইলট ৫৭ ও ফরহাদ ৫৩ রান করেন। ঢাকার অধিনায়ক মোহাম্মদ শরীফ ৫৩ রানে তিনটি ও মেহরাব হোসেন ৪০ রানে দু'টি উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২২৫৬ ঘ.
bdnews24