২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকাকে এগিয়ে রাখলেন আশরাফুল

আশরাফুলের বোলিং নৈপূণ্যে রাজশাহী বিভাগের বিপক্ষে এগিয়ে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগের চেয়ে ১৫৯ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে রাজশাহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2010, 02:50 PM

Updated : 24 Aug 2022, 07:10 PM

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশরাফুলের বোলিং নৈপূণ্যে রাজশাহী বিভাগের বিপক্ষে এগিয়ে ঢাকা বিভাগ। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিন শেষে ঢাকা বিভাগের চেয়ে ১৫৯ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করে রাজশাহী। অপর ম্যাচে খুলনার ২৪১ রানের প্রথম ইনিংসের জবাবে ৩০৮ রান করেছে চট্টগ্রাম। দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ ১ উইকেটে ৬৭। অমিত মজুমদার ৩৩ ও তাপস ঘোষ ১৮ রানে ব্যাট করছেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে নাদিমউদ্দিন মিন্টুর শতকে প্রথম দিনই পাঁচ উইকেটে ৩৩০ রানে থাকা ঢাকা বিভাগ দ্বিতীয় দিনে ৯ উইকেটে ৪০০ রানে ইনিংস ঘোষণা করে। মিন্টু ১৪৭, মার্শাল আইয়ুব ৭২, সামসুর রহমান ৬৩ ও শুভাগত চৌধুরি ৫৭ রান করেন। দেলোয়ার হোসেন, সাকলায়েন সজিব ও সানজামুল ইসলাম নেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে এক রানেই প্রথম উইকেট হারায় রাজশাহী। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল রাজশাহী ইনিংস। কিন্তু আশরাফুলের দুর্দান্ত বোলিংয়ে শেষদিকের ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার পরিচয় দিলে ২৪১ রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস। ফরহাদ রেজা একপ্রান্ত আগলে রাখলেও শেষ চার ব্যাটসম্যানের তিনজনই রানের খাতা খুলতে পারেনি। সাব্বির রহমান ৬০ করেন। এছাড়া ফরহাদ রেজা ৫২ রানে অপরাজিত থাকেন। আশরাফুল চার উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শরীফ ও ইলিয়াস সানি দুটি করে উইকেট পান। এদিকে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খুলনা বিভাগের প্রথম ইনিংসে ২৪১ রানের জবাবে ৩০৮ রান করেছে চট্টগ্রাম বিভাগ। গাজী সালাউদ্দিন ৬০ ও মাহমুদুল হাসান ৫৯ রান করেন। খুলনার সবচে সফল বোলার সৈয়দ রাসেল ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে দিনশেষে ১ উইকেটে ৬৭ রান করেছে খুলনা। উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুস সাদাতের উইকেটটি নেন মাহমুদুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২২৩০ ঘ.