সিডনি, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরো গ্রীষ্মেই হার মানতে হলো না অস্ট্রেলিয়াকে। ডেভিড ওয়ার্নারের দ্বিতীয় দ্রুততম অর্ধ-শতকের সুবাদে দ্বিতীয় ২০ ওভারের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ১৩৯ রানের জয়ের লক্ষ্য টপকে ১৪২ রানে পৌঁছে যায় মাত্র দুই উইকেটে। তখনো খেলার বাকি ছিল ৫০ বল।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান তোলে, ৭ উইকেটে। তখন মনে হচ্ছিল কিছুটা হলেও প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে খেলায়।
কিন্তু সিডনি ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার রানের বন্যা বইয়ে দেন। কেমার রোচের প্রথম ওভারেই ২৬ রান তুললে প্রতিদ্বন্দ্বিতার কথা ভুলে যান সবাই। অত্যন্ত সহজ জয়ের কথাই মনের পর্দায় ভেসে ওঠে দর্শকদের।
রোচ বল ফেলছিলেন বেশ শর্টে। ফলে মিড-উইকেটের ওপর দিয়ে তিনটি ছক্কা মারতে কোনো অসুবিধাই হয়নি ওয়ার্নারের। এক পর্যায়ে ৮ বলে ৩৩ রান করলে যুবরাজ সিংয়ের ১২ বলে দ্রততম অর্ধ-শতকের রেকর্ড হুমকির মুখে পড়ে। নিকিতা মিলারের বলে কিরন পোলার্ডের হাতে ধরা পড়ার আগে ২৯ বলে ৬৭ রান করেন ওয়ার্নার। সীমানার ওপারে বল পাঠান পাঁচবার। এছাড়া হাওয়ায় ভাসিয়ে গ্যালারিতে পাঠানো সাতটি বলই দর্শকদের শরীরে আঘাত হানে।
অপর প্রান্তে শেন ওয়াটসনও ছিলেন অত্যন্ত আক্রমণাত্বক। তিনিও তার অর্ধ-শতকে পৌঁছান মাত্র ২৬ বলে। কিন্তু ওয়ার্নার যতক্ষণ ব্যাট করছিলেন ততক্ষণ ওয়াটসনের এই ভয়ঙ্কর রূপ যেন ছায়ায় ঢাকা পড়েছিল। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তিনি তার ইনিংসটি সাজান চারটি চার ও চারটি ছক্কা দিয়ে।
এছাড়া অপর অপরাজিত ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিশ্চিয়ান করেন ৪ রান।
অস্টেলিয়ার অপর উইকেটটিও (ব্র্যাড হ্যাডিন ৬) নেন মিলার। এই দু'টি উইকেটের জন্য তাকে রান খরচ করতে হয়েছে ৫৬। অথচ পুরো চার ওভারও বল করেননি, করেছেন ৩ ওভার ৪ বল। এছাড়া অপর পাঁচ বোলারের কেউ সফলতার মুখ দেখেননি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রিস গেইল। দলীয় ২৬ রানের মাথায় গেইলের (১২) বিদায়ের পর থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৯ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন নরসিং দেওনারিন। এছাড়া ১১ বলে ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন ডারেন সামি। ট্রাভিস ডাওলিন ৩২ বলে ৩১ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন রায়ান হ্যারিস ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। এজন্য হ্যারিসের খরচ হয় ২৭ রান। ক্রিশ্চিয়ান দেন ২৯।
এই জয়ের ফলে দুই ম্যাচের ২০ ওভারের সিরিজ অস্ট্রেলিয়া ২-০ তে জিতে নিল।
১৯৭০-এর দশকে একদিনের ক্রিকেট চালু হওয়ার পর মাত্র একটি গ্রীষ্মেই (২০০০-০১) অপরাজিত কেটেছিল অস্ট্রেলিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৩ ঘ.
bdnews24