কলকাতা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তীব্র উত্তেজনাকর দ্বিতীয় টেস্টে শেষ মুহূর্তে এসে জয় পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৯০ রানে অল-আউট হয়ে গেলে দক্ষিণ আফ্রিকাকে হার মানতে হয় এক ইনিংস ও ৫৭ রানে। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান আবারো ফিরে পেলো ভারত।
দল হারলেও হার মানেননি হাশিম আমলা। শেষ পর্যন্ত খেলে যান তিনি। সাজঘরে ফেরেন মাথা উঁচু করে। প্রায় দশ ঘন্টা ব্যাট করে অপরাজিত ছিলেন ১২৩ রানে। ৩৯৪ বল খেলে চার মেরেছেন ১৬টি। আমলা তার টেস্ট জীবনের নবম শতকে পৌঁছান ২৬৮ বলে, ১৩টি চারের সাহায্যে।
শেষ ব্যাটসম্যান হিসেবে মর্নে মরকেল আউট হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে ইডেন গার্ডেন। ৬০ বল খেলে ১২ রান করেন তিনি।
ভারত প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৪৩ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে ২৯৬ রান করলে দক্ষিণ আফ্রিকা পিছিয়ে পড়ে ৩৪৭ রানে।
ইডেন গার্ডেনে বৃহস্পতিবার ৩ উইকেটে ১১৫ রান নিয়ে পঞ্চমদিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা ও অ্যাশলে প্রিন্স খেলে যেতে থাকেন ধীর-স্থিরভাবে। নানা কৌশল খাটিয়েও প্রথম ঘন্টায় কোনো উইকেট নিতে পারেননি ভারতীয় বোলাররা। মধ্যাহ্ন বিরতির ৪০ মিনিট আগে ১৫৮ রানের মাথায় হরভজন সিংয়ের বলে মিড অফে ইশান্ত শর্মার হাতে ধরা পড়ে বিদায় নেন প্রিন্স। ৪৭ বলে ২০ রান করেন তিনি।
দলের সঙ্গে ৬ রান যুক্ত হতেই বিদায় নেন এবি ডি ভিলিয়ার্স (৩), অমিত মিশ্রের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে। সঙ্গে সঙ্গে মধ্যাহ্ন-বিরতির ঘোষণা দেন আম্পায়ার। তখন দক্ষিণ আফ্রিকার রান ছিল ৫ উইকেটে ১৬৪।
বিরতির পরের ৪০ মিনিটও ছিল ভারতের। আরো ভালোভাবে বলতে গেলে হরভজন সিংয়ের। ১৭২ রানের মাথায় পল ডুমিনি (৬) ও ১৮০ রানে ডেল স্টেইন (১) তার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ফিরে গেলে ভারতের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ান হাশিম আমলা।
দিনের শুরু থেকে এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্তে অবিচল ছিলেন তিনি। শেষ পর্যন্ত ম্যাচটি হয়ে দাঁড়ায় আমলার সঙ্গে ভারতের। শেষের তিন ব্যাটসম্যানকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন তিনি।
নয় নম্বর ব্যাটসম্যান ওয়েন পার্নেলকে নিয়ে লড়াই করেন তিনি এক ঘন্টা ২০ মিনিট। ইশান্ত শর্মার বলে হরভজনের হাতে ধরা পড়ার আগে পার্নেল করেন ২২। কিন্তু বল খেলেন ৬৪টি।
এরপর পল হ্যারিস এসে জুটি বাঁধেন আমলার সঙ্গে। হার এড়াতে কম চেষ্টা করেননি হ্যারিসও। রান করেছেন মাত্র ৪। কিন্তু খেলেছেন ২৪ বল। তার এই ৪টি রান এসেছে বাউন্ডারি থেকে।
শেষ ব্যাটসম্যান হিসেবে মর্নে মরকেল যখন মাাঠে নামেন তখন খেলার বাকি ছিল প্রায় দেড় ঘন্টা। দিন প্রায় পারই করে দিচ্ছিলেন তারা। উইকেট নেয়ার জন্য মরিয়া ভারতীয়রা তখন আক্রমণাত্মক ফিল্ডিং করতে থাকে। চাপ সৃস্টির জন্য ব্যাটসম্যানকে ঘিরে ধরেন বলতে গেলে দলের সবাই। খেলার এই শেষ মুহূর্তের উত্তেজনা খেলোয়াড়দের কাছ থেকে ছড়িয়ে পড়ে গ্যালারিতেও।
খেলার তখন বাকি ১১ বল। অনেকেই ধরে নিয়েছিলেন অমীমাংসিতভাবে শেষ হতে যাচ্ছে ম্যাচ। কিন্তু হরভজনের মিডল স্ট্যাম্পের ওপড়ের বলে কোনো স্পিন ছিল না। মরকেল খেলার চেষ্টা করেন। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে বল গিয়ে আঘাত হানে প্যাডে। শুধু বোলার নন, সব ফিল্ডার, এমনকি দর্শকরা পর্যন্ত আউটের আবেদন জানান। আম্পায়ারের আঙ্গুল তোলার সঙ্গে সঙ্গে উন্মাদ হয়ে পড়ে ইডেন গার্ডেন।
অপর প্রান্তে হাশিম আমলা তখন সঙ্গীহারা। ঘাটে এসে তরী ডোবার দুঃখ তখন তাকে পেয়ে বসতেই পারে। কেননা খেলার বাকি ছিল মাত্র ৯ বল।
ভারতের বোলারদের মধ্যে হরভজন সিং ৫ উইকেট নেন, ৫৯ রানে। ৭৮ রান দিয়ে ৩ উইকেট নেন অমিত মিশ্র। দুই উইকেট নেন ইশান্ত শর্মা ৮৪ রান দিয়ে।
ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন হাশিম আমলা।
এর আগে নাগপুরে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ১২৫ থেকে ৩ পয়েন্ট খুইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছিল ভারত, এক পয়েন্টে। আর ম্যাচ জিতে ৩ পয়েন্ট বেড়ে দক্ষিণ আফ্রিকা উঠে গিয়েছিল শীর্ষে, ১২৩ পয়েন্ট নিয়ে। কিন্তু কলকাতা টেস্ট জিতে আবার শীর্ষ স্থান দখল করলো ভারত।
সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের পয়েন্ট ছিল ১২৫। ঠিক পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা।
এই এক নম্বর স্থানের জন্য ভারতকে নয়, সিরিজ জিততেই হতো দক্ষিণ আফ্রিকাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯১৫ ঘ.
bdnews24