২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় হতাশ ক্লার্ক, পন্টিংয়ের প্রতি সমর্থন

অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টের প্রথম পালায় ব্যাটিং ব্যর্থতায় যার পর নাই হতাশ অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2010, 03:46 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের বক্সিং ডে টেস্টের প্রথম পালায় ব্যাটিং ব্যর্থতায় যার পর নাই হতাশ অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক। তবে ইংল্যান্ডের কাছে আবারো অ্যাশেজ সিরিজ হারানোর শঙ্কায় পড়ার পরও অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের প্রতি তার সমর্থন রয়েছে ঠিকই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম পালায় অস্ট্রেলিয়া মাত্র ৯৮ রান করে। অ্যাশেজ সিরিজে স্বাগতিক দেশ হিসেবে এটিই তাদের সব চেয়ে কম রানের পালা। এর আগে ১৮৭৬-৭৭ মৌসুমে ইংল্যান্ডের প্রথম সফরে অস্ট্রেলিয়ার একটি পালা গুটিয়ে যায় ১০৪ রানে। আর ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিু রানের ইনিংস মাত্র ৩৬। এই লজ্জা তারা পেয়েছিল বার্মিংহামে ১৯০২ সালে। খেলা শেষে সাংবাদিকদের ক্লার্ক বলেন, "আক্ষরিক অর্থেই এটা খুবই হতাশার। স্কোর বোর্ডে আরো ১৫০ রান দেখতে চেয়েছিলাম আমি।" প্রথম পালায় ২৪০ থেকে ২৫০ রান করতে পারলে তিনি খুবই খুশি হতেন বলে জানান। সহ-অধিনায়ক ক্লার্ক বলেন, "আসলেই আমাদের অজুহাত দেয়ার কিছুই নেই। কেননা আমরা খুবই বাজে শট খেলেছি।" মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে আসার পর উইকেট শুকিয়ে যায় বলে জানিয়ে তিনি বলেন, এখন ব্যাটিংয়ের জন্য এটি একটি চমৎকার পিচ। অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে তিনবার অ্যাশেজ সিরিজ হারার শঙ্কায় পড়ার পরও পন্টিংয়ের নেতৃত্বের প্রতি আস্থা আছে তার। তাকে সমর্থনও দিচ্ছেন সহ-অধিনায়ক। ব্যাট হাতে পন্টিংয়ের দিনকালও ভালো যাচ্ছে না। এই সিরিজে রান করেছেন ১০, অপরাজিত ৫১, ০, ৯, ১২, ১ এবং এবার ১০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/২১২৩ ঘ.