২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের খেলা নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে

অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের বক্সিং ডে টেস্টে খেলার ব্যাপারে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 12:09 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের বক্সিং ডে টেস্টে খেলার ব্যাপারে অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার ফিল্ডিং-অনুশীলন করতে দেখা গেছে তাকে। তবে ব্যবহার করেছেন কেবল ডান হাত। বাঁ-হাত দিয়ে বল ধরেননি তিনি, যাতে চোট পাওয়া আঙ্গুলে নতুন করে ব্যথা না পান। শুক্রবারের আগে পন্টিংয়ের অবশ্য ব্যাট করার সম্ভাবনা নেই। গত বছর কনুইয়ে এর চেয়ে গুরুতর চোট পাওয়ার পরও পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। তাই বক্সিং ডে টেস্টে না খেলার সম্ভাবনা তার নেই বললেই চলে। পন্টিং ২০০৪ সালের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে সব টেস্টেই মাঠে নেমেছেন। এই সময়ের মধ্যে খেলেছেন ৭২টি টেস্ট। অনুশীলন শেষে উইকেটরক্ষক ব্রাড হ্যাডিন বলেন, "পন্টিং বেশ ভালোভাবেই ফিল্ডিং অনুশীলন করেছেন।" শুক্রবার থেকে তিনি ব্যাটিং-অনুশীলনও করবেন বলে জানান হ্যাডিন। তিনি বলেন, "পন্টিংয়ের আঙ্গুল বেশ দ্রুত সেরে উঠছে।" বক্সিং ডে টেস্টের আগেই তা পুরোপুরি সেরে উঠবে বলে আশা করছেন হ্যাডিন। তবে পন্টিং ইদানিং তার নামের প্রতি সুবিচার করে ব্যাট করতে পারছেন না। অস্ট্রেলিয়ার মাটিতে গত গ্রীষ্মে টেস্ট খেলার পর থেকে তার দিন মোটেও ভালো যাচ্ছে না। কথা বলছে না তার ব্যাট। ৯ টেস্টে একটিও শতক হাঁকাতে পারেননি। গড়ও ভালো নয়, মাত্র ২৯.৬২। তবে মাঠে তার উপস্থিতি খেলোয়াড়দের অনুপ্রেরণার উৎস বলে দলের অনেকেই মনে করেন। হ্যাডিন তো সে কথা স্বীকার করলেন খোলাখুলিভাবে। বললেন, "পন্টিংই আমাদের অধিনায়ক। তার কাছ থেকেই আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি।" বক্সিং ডে টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। তিন টেস্ট শেষে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ১-১ এ সমতায় রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটি অমীমাংসিত ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭৩৩ ঘ.