২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টানা তৃতীয় জয়

তৃতীয় একদিনের ম্যাচে গৌতম গম্ভীরের শতকের সুবাদে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। তখনো স্বাগতিকদের হাতে ছিল ৬৩ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় একদিনের ম্যাচে গৌতম গম্ভীরের শতকের সুবাদে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। তখনো স্বাগতিকদের হাতে ছিল ৬৩ বল। বরোদার রিলায়েন্স স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২২৪ রান করে নিউজিল্যান্ড। জবাবে একটি মাত্র উইকেট হারিয়ে ২২৫ রানের জয়ের লক্ষ্য টপকে ২২৯ রানে পৌঁছে যায় ভারত। শুরুটা ভালো হয়নি কিউইদের। দলীয় ২ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম শূন্য রানে জহির খানের বলে মুরালি বিজয়ের হাতে ধরা পড়লে হোঁচট খায় কিউই ইনিংস। অপর উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গুপটিল ১২ রান করে রান আউট হয়ে সাজঘরে ফিরলে একরকম বিপদেই পড়ে ড্যানিয়েল ভেট্টোরির দল। তখন দলের রান ছিল মাত্র ১৯। এর পরই শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। অষ্টম উইকেট জুটিতে জেমস ফ্রাঙ্কলিন ও নাথান ম্যাককালাম অনবদ্য ৯৪ রানের ইনিংস গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। ৫৩ বলে ৪৩ রান করে রবীচন্দ্রন অশ্বিনের বলে গৌতম গম্ভীরের হাতে ক্যাচ দেন নাথান ম্যাককালাম। তবে ফ্রাঙ্কলিন খেলেন ৭২ রানের হার না মানা ইনিংস। সঙ্গে ছিল ৫টি বাউন্ডারি ও এক ছক্কা। অন্য কোনো ব্যাটসম্যান উইকেটেই দাঁড়াতে পারেননি। ইউসুফ পাঠান, জহির খান ও রবীচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট শিকার করেন। তারা রান যথাক্রমে ২৭, ৩১ ও ৪৯। একটি মাত্র উইকেট নেন মুনাফ প্যাটেল। স্বাগতিক ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। মুরালি বিজয় ও গৌতম গম্ভীর উদ্বোধনী জুটিতে করেন ১১৫ রান। ব্যক্তিগত ৩০ রানের মাথায় বিজয় ভেট্টোরির থ্রো'তে রান আউটের শিকার হলে এক মাত্র উইকেটটি হারায় স্বাগতিকরা। দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন গম্ভীর ও বিরাট কোহলি। গম্ভীর ক্যারিয়ারের নবম শতক তুলে ১২৬ রানে ছিলেন অপরাজিত। তার ১১৭ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ১৬টি। ছয়টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৩ রানে অপরাজিত থেকে গম্ভীরকে সঙ্গ দিয়েছেন কোহলি। পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৩-০ তে এগিয়ে গেল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৪৫ ঘ.