ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একদিনের ক্রিকেট-জীবনে প্রথম হ্যাট্রিক করে আব্দুর রাজ্জাক খুব খুশি। তিনি বলেন, এই সাফল্য ধরে রেখেই তিনি এগিয়ে যেতে চান।
ইনিংসের ৪৫ নম্বর ও নিজের নবম ওভারের শেষ বলে প্রসপার উতসেয়াকে ফিরেয়ে দিয়ে হ্যাট্রিকের সূচনা করেন রাজ্জাক।
পরের ওভারে বল করেন অধিনায়ক সাকিব আল হাসান। এরপর আবার রাজ্জাকের হাতে বল।
দশম ওভারের প্রথম বলেই রেমন্ড প্রাইসকে ফিরিয়ে দেয়ার পর হ্যাট্রিক যেন হাতছানি দিয়ে ডাকছিল রাজ্জাককে। পরের ব্যাটসম্যান ক্রিস এমপোফুকে করেন তিনি আর্ম বল। সেটি আঘাত হানে প্যাডে। সঙ্গে সঙ্গে জোরালো আবেদন জানান খেলোয়াড়রা। সেই আবেদনে আম্পায়ার এনামুল হক মনি সাড়া দিলে শুরু হয়ে যায় উল্লাস।
এর আগে একদিনের ক্রিকেটে বাংলাদেশের হয়ে পরপর তিন বলে উইকেট নিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন।
এ পর্যন্ত ৩০৭৩টি একদিনের আর্ন্তজাতিক খেলায় হ্যাট্রিক হয়েছে ২৭টি। এর মধ্যে পাকিস্তানের ওয়াসিম আকরাম ও সাকলাইন মুশতাক এবং শ্রীলঙ্কার চামিন্দা ভাস করেছেন দু'টো করে হ্যাট্রিক।
সেই তালিকায় নিজের নাম যোগ করার পর রাজ্জাক সাংবাদিকদের বলেন, "এখন আমার মনে হচ্ছে আমি আগের ছন্দ ফিরে পেয়েছি এবং এভাবেই আমাকে খেলে যেতে হবে।"
তিনি বলেন, "প্রতিটি বোলারেরই স্বপ্ন থাকে হ্যাট্রিক করার। আমারও ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় আমি খুশি।"
সিরিজের প্রথম খেলায় ৪ উইকেট নেন রাজ্জাক। দ্বিতীয় খেলায় নিলেন পাঁচটি। আর মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম বোলার হিসেবে নিলেন তিনি ৫০ উইকেট।
তাই আবেগে আপ্লুত রাজ্জাক বলেন, "এই হ্যাট্রিক আমি এই স্টেডিয়ামের নামেই উৎসর্গ করলাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২০৪৭ ঘ.
bdnews24