২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 12:06 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সহ-অধিনায়ক হিসেবে কাউকে বেছে নেয়া হয়নি। বিসিবি'র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, চোট কাটিয়ে দলে ফেরায় মাশরাফিকে অধিনায়ক করা হয়নি। তিনি বলেন, "আসলে বাড়তি চাপ দেয়া হয়নি মাশরাফিকে। তবে এর অর্থ এই নয় যে তাকে ভবিষ্যতে অধিনায়ক হিসেবে চিন্তা করা হবে না। সাকিব শুধু এই সিরিজের জন্যই অধিনায়ক। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওর ভালো নেতৃত্বের ব্যাপারটিও মাথায় রাখা হয়েছে।" রাবিদ ইমাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বকাপের অধিনায়ক নির্বাচন করার সময় মাশরাফির কথা সবার আগে চিন্তা করা হবে। ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া মাইক্রোম্যাক্স ওয়ানডে সিরিজের জন্য এদিন ঘোষণা করা হয়েছে ১৫ সদস্যর দল। চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল ও মাশরাফি। আবার এশিয়ান গেমসে বাংলাদেশকে সোনা এনে দেয়া দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকেও নেয়া হয়েছে জাতীয় দলে। বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল খান, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, নাঈম ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহরাওয়ার্দি শুভ, শফিউল ইসলাম, রুবেল হোসেন এবং নাজমুল হোসেন। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, সাব্বির রহমান এবং সৈয়দ রাসেলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭৫০ ঘ.