ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ে ক্রিকেট দলের ব্যাটিং-পরামর্শদাতার দায়িত্ব নিয়েছেন ব্রায়ান লারা।
সিডনি মর্নিং হেরাল্ডকে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বলেন, ''জিম্বাবুয়ের প্রস্তাবে না বলতে পারলাম না। চুক্তির শর্ত আমার মন মতোই হয়েছে। তাই দায়িত্ব নিয়েছি। এটা আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ।''
লারার কাজ শুরু হবে আসছে ২০১১ সালের বিশ^কাপে। জিম্বাবুয়ের ব্যাটিং-পরামর্শদাতা হিসেবে উপমহাদেশে পা রাখবেন তিনি। তবে তার সামনে এর চেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ সিরিজ। কারণ আগামী বছরের মে মাসে জিম্বাবুয়েতে দু'টি টেস্ট ও পাঁচটি একদিনের ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ।
ওই সিরিজ দিয়েই পাঁচ বছর পর ফের টেস্ট অঙ্গনে ফিরতে যাচ্ছে জিম্বাবুয়ে।
ভূমি সংস্কারের জের ও চুক্তি নিয়ে বিরোধের কারণে বেশ কয়েকজন খেলোয়াড় দল ছেড়ে চলে গেলে জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছা নির্বাসনে যায়। এখন ফের টেস্ট ক্রিকেটে ফেরার প্রস্তুতি নিচ্ছে তারা।
লারা ২০০৮ সালে ক্রিকেট থেকে অবসর নেন। এখন জিম্বাবুয়েতেই রয়েছেন তিনি। খেলছেন স্থানীয় একটি দলের হয়ে ঘরোয়া টোয়েন্টি-টোয়ন্টি ক্রিকেটে।
টেস্ট ক্রিকেটে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ৪০০ রান করেছেন কেবল লারা। এই ইনিংসটি খেলেন তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেন্ট জোন্সে ২০০৪ সালের এপ্রিলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯২৩ ঘ.
bdnews24