ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম পালায় শ্রীলঙ্কা ১৬৫ রান করেছে তিন উইকেটে। ফলে তারা এখনো পিছিয়ে আছে ৪১৫ রানে। হাতে আছে ৭ উইকেট।
মধ্যাহ্ন-বিরতির পরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। এরপর আর খেলা শুরু হয়নি।
উইকেটে আছেন মাহেলা জয়াবর্ধনে ৫১ রান নিয়ে। অন্য প্রান্তে থিলান সামারাবিরা অপরাজিত রয়েছেন ১১ রানে। জয়াবর্ধনের ৯১ বলের ইনিংসে ৪ রয়েছে ৫টি।
সাবেক অধিনায়ক ক্রিস গেইলের ত্রি-শতকের (৩৩৩ রান) ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ প্রথম পালায় ৯ উইকেটে ৫৮০ রান করে দান ছেড়ে দেয়।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার এক উইকেটে ৫৪ রান নিয়ে প্রথম টেস্টের তৃতীয়দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। থারাঙ্গা পারানাভিতানা তার আগেরদিনের ১০ রানের সঙ্গে এক রানও যোগ করতে পারেননি। দলীয় ৬১ রানের মাথায় কেমার রোচের বলে বোল্ড হন তিনি।
তবে ব্যাট করে যেতে থাকেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তিনি তার ৩৩ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ৭৩-এ। এরপর ডি ব্রাভোর বলে স্ট্যাম্প উড়ে যায় তার। তখন দলের রান ছিল ১৩২। সাঙ্গাকারার ১০২ বলের ইনিংসে ৪ রয়েছে ১১টি।
মাহেলা ও সামারাবিরা এ পর্যন্ত দলের সঙ্গে যোগ করেছেন ৩৩ রান।
শ্রীলঙ্কা মধ্যাহ্ন-বিরতিতে যায় তিন উইকেটে ১৪৮ রান নিয়ে। বিরতি শেষে মাত্র ৪ ওভার ১ বল খেলা হয়েছে। এরপরই বৃষ্টি নামে।
তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি কলম্বোয় শুরু হবে ২৩ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১৪ ঘ.
bdnews24