২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় ম্যাচেও হারলো জিম্বাবুয়ে

তিন ম্যাচ একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন ম্যাচ একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দু'টি ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। উইলোউমোরে পার্ক স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দ.আফ্রিকা। জিয়ান পল ডুমিনি ও এবি ডি ভিলিয়ার্সের জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৯৯ রান করে দ.আফ্রিকা। ডুমিনি ১২৯ ও ভিলিয়ার্স ১০৯ রান করেন। জিম্বাবুয়ের মাসাকাদযা ৯৫ রানের বিনিময়ে ২ উইকেট পান। ৪০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ৯ রানেই ব্রেনডেন টেইলকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। জয়ের জন্য যেখানে বড় জুটি গড়ার প্রয়োজন সেখানে কেবল ব্যাটসম্যানদের আসা যাওয়াই চলতে থাকে। ফলে ম্যাচে কখনোই ফিরতে পারেনি জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত মাত্র ১২৭ রান করেই সব উইকেট হারিয়ে বসে তারা। খেলেছে ২৯ ওভার। জিম্বাবুয়ের পক্ষে দলীয় সর্বোচ্চ ২৮ রান করেন উইকেট রক্ষক তাতেন্ডা তাইবু। এছাড়া ক্রেগ আরভিন ২৪ ও প্রোসপের উতসেয়া অপরাজিত ২৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার রুস্তে থেরন ১৮ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। এছাড়া অ্যালবাই মরকেল, ওয়েন পারনেল ও জোহান বোথা ২টি করে উইকেট পান। ম্যাচ সেরা হয়েছেন জিয়ান পল ডুমিনি এবং সিরিজ সেরা হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৫০ ঘ.