২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য প্লট-গাড়ির ঘোষণা প্রধানমন্ত্রীর

নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে প্লট ও গাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ জেতা বাংলাদেশ ক্রিকেট দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে প্লট ও গাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সিরিজ জয় উপলক্ষে মঙ্গলবার রাতে গণভনের ব্যাঙ্কোয়েট হলে খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "এই খেলোয়াড়দের জন্য আমাদের বড় কিছু করা উচিত। এজন্য প্রত্যেক খেলোয়াড়কে একটি করে প্লট দেবো।" শেখ হাসিনা তার বক্তব্য শেষ করে পুনরায় বলেন, "আরেকটি কথা আছে। শুধু প্লট না, সব খেলোয়াড়কে একটা করে গাড়িও দেবো।" এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে স্যুট পিস উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, "খেলোয়াড়দের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা খেলোয়াড়দের জন্য একটি ট্রাস্ট ফাণ্ড করে দিতে চাই।" ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী বলেন, "এ সিরিজ জয় আমাদের জন্য বিরাট এক অর্জন। আমার সৌভাগ্য যে, সিরিজের শেষ ওয়ানডের শেষ কিছু অংশ দেখতে পেরেছিলাম আমি।" শেখ হাসিনা মনে করেন, এবার প্রশিক্ষণে যে কোনো ঘাটতি ছিল না তা এ সিরেজে তা প্রমাণ হয়েছে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরোধিতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সাবাস বাংলাদেশ। সোনার ছেলেরা বাংলাদেশের জন্য গৌরব বয়ে নিয়ে এসেছে। আসন্ন ক্রিকেট বিশ্বকাপ যেনো বিশ্বমানের হয়, সে দিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট কর্তপক্ষকেও নির্দেশ দেন তিনি। দেশের ক্রীড়াঙ্গনের ক্লাবগুলোকে আরো বেশি করে পৃষ্ঠপোষকতা দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, কে কোন দলের সাপোর্টার তা বড় কথা নয়। প্রত্যেক ক্লাবের খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ নিশ্চিত করা উচিত। অনুষ্ঠানে ইমরুল কায়েস ছাড়া বাংলাদেশ দলের সব খেলোয়াড়, কোচ ও কোচিং স্টাফরা উপস্থিত ছিলেন। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব বলেন, "এটা আমাদের গত একমাসের কঠোর পরিশ্রমের ফল।" সেইসঙ্গে তিনি বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক গ্রামীণফোন ও বাটাকেও ধন্যবাদ জানান। মাশরাফি বিন মতুর্জা এ সংবর্ধনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি এই সিরিজ জয়ের কৃতিত্ব সাকিবকে দেন। মাশরাফি আরো বলেন, বিশ্বকাপে তাদের লক্ষ্য থাকবে কমপক্ষে শেষ আটে ওঠা।' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এইচএ/২২২৪ ঘ.