২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট উইন্ডিজের নতুন অধিনায়ক ড্যারেন সামি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন পট পরিবর্তন। নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে ক্রিস গেইলকে। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার ড্যারেন সামি। গেইলের ডেপুটি হিসাবে পদচ্যূত হয়েছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও। নতুন সহ-অধিনায়ক হয়েছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্যাটসম্যান ব্রেন্ডন ন্যাশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নতুন পট পরিবর্তন। নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে ক্রিস গেইলকে। তার জায়গায় নতুন অধিনায়ক হয়েছেন অলরাউন্ডার ড্যারেন সামি। গেইলের ডেপুটি হিসাবে পদচ্যূত হয়েছেন অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোও। নতুন সহ-অধিনায়ক হয়েছেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত ব্যাটসম্যান ব্রেন্ডন ন্যাশ। আগামী নভেম্বরে সামির নেতৃত্বেই শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে গেইল এবং ব্রাভো দু'জনই ১৫ জনের টেস্ট দলে রয়েছেন। যদিও তারা দু'জনই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে নতুন খেলোয়াড়ি চুক্তিতে সই করেননি। গেইল, ব্রাভো এবং কিরন পোলার্ড টি-টোয়েন্টির বিভিন্ন লোভনীয় টুর্নামেন্টের হাতছানিতে জাতীয় দলের চুক্তিপত্রে সই করা থেকে বিরত থেকেছেন। তবে তারা জাতীয় দলের হয়ে খেলার নিশ্চয়তা দিয়েছেন। ওদিকে তিন অভিজ্ঞ ক্রিকেটার রামনরেশ সারওয়ান, দিনেশ রামদিন এবং ফাস্ট বোলার জেরম টেলরকে চুক্তিপত্রে সই করার জন্য আমন্ত্রণই জানানো হয়নি। তারা মোটামুটি বাদই পড়েছেন উইন্ডিজ দল থেকে। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কোনো ঝামেলায় না গিয়ে সামিকে বেছে নেয় নতুন অধিনায়ক হিসেবে। যদিও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে তার জায়গা পাকা হলেও টেস্ট দলে সামি নিয়মিত নন। সামি এবং ন্যাশ ২০১১ পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন। এর ফলে অধিনায়ক হিসেবে গেইলের তিন বছরের মেয়াদ শেষ হয়ে গেল। অধিনায়ক হিসেবে গেইল ওয়েস্ট ইন্ডিজকে ২০ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন মাত্র তিনটিতে। আইসিসি'র টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্যারিবীয়দের স্থান এখন সপ্তম আর ওয়ানডেতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে অষ্টম। দায়িত্ব পেয়ে সামি বলেছেন তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। যদিও মানছেন শ্রীলঙ্কা সফর খুবই কঠিন হবে। তার প্রথম প্রতিক্রিয়ায় সামি বলেছেন, "ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নেতৃত্ব পেয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমি আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে দলের সেবা করতে চাই। ঘরোয়া ক্রিকেটে আমি উইন্ডওয়ার্ড দলের নেতৃত্ব দেই। কাজেই অধিনায়কত্ব আমার কাছে নতুন কিছু নয়। আমার কাজ হবে ভবিষ্যতের জন্য একটা দুর্দান্ত ক্যারিবীয় দল গঠন করা।" ওয়েস্ট ইন্ডিজ দল : ড্যারেন সামি (অধিনায়ক), ব্রেন্ডন ন্যাশ (সহ-অধিনায়ক), ক্রিস গেইল, আদ্রিয়ান ব্যারাথ, কার্লটন বা, সুলেমান বেন, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, শিবনারায়ন চন্দরপল, নেলসন প্যাস্কেল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, শেন শিলিংফোর্ড, ডেভন স্মিথ ও ডেভন থমাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮১৬ ঘ.