২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়ে সফর শেষ করতে চান ভেট্টোরি

দলে চারটি পরিবর্তন এনে বৃহস্পতিবার মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। লক্ষ্য ছিল পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে সিরিজ ড্র করা। কিন্তু তা না করতে পেরে খুবই হতাশ অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলে চারটি পরিবর্তন এনে বৃহস্পতিবার মাঠে নেমেছিল নিউজিল্যান্ড। লক্ষ্য ছিল পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে সিরিজ ড্র করা। কিন্তু তা না করতে পেরে খুবই হতাশ অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। চতুর্থ একদিনের খেলায় ৯ রানে হারের পর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই হতাশা চেপে রাখতে পারলেন না নিউজিল্যান্ড অধিনায়ক, ''এটা সত্যিই হতাশাজনক। জয়ের জন্য মাঠে নেমে হারলে কার ভালো লাগে বলুন, খারাপ তো লাগবেই।'' আবারো বাংলাদেশের প্রশংসা করলেন ভেট্টোরি, ''বাংলাদেশ বেশ উন্নতি করেছে। মাঠে ওদের ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং সব কিছুতেই নতুন ছোঁয়া দেখতে পাচ্ছি। ওরা দেখিয়ে দিয়েছে কিভাবে খেলতে হয়।'' ভেট্টোরি মনে করেন, বাংলাদেশের বিপক্ষে ৮০ রানে ৫ উইকেট হারানোর পরই ম্যাচ হাতছাড়া হয়ে যায় তাদের। এরপর অবশ্য তরুণ ব্যাটসম্যান ক্যান উইলিয়ামসন লড়েছেন, ''এটা ঠিক ও (ক্যান) লড়াই করে একদিনের ক্রিকেট-জীবনে প্রথম শতক পেয়েছে।'' এখন নিউজিল্যান্ডের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। কিউই অধিনায়ক বললেন, অন্তত শেষ ম্যাচ আমরা জিততে চাই। যা হওয়ার তাতো হয়ে গেছে। সিরিজ হেরেছি। কিন্তু সফর শেষ করতে চাই শেষ খেলায় জিতে।'' বাংলাদেশের মতো দলের বিপক্ষে সিরিজ হার, এটাই কি নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে বাজে ফল? ''না,'' উত্তরে এই একটা শব্দই কেবল ব্যাবহার করলেন ভেট্টোরি। তবে জানালেন, এর পরও বিশ^কাপ নিয়ে তিনি চিন্তিত নন তিনি। বললেন, ''পরেরবার নিজেদের সেরা খেলাটা খেলতে পারবো বলে আমি আশা করছি। সেই মনোবল আমাদের আছে।'' বিশ্বকাপ ক্রিকেট হবে আগামী বছর, এই উপমহাদেশে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২১০১ ঘ.