ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অকল্পনীয়, অবিশ্বাস্য! পূর্ণ-শক্তির নিউজিল্যান্ডকে পরপর তিন ম্যাচে হারিয়ে বাংলাদেশ নিজের করে নিল পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। যদিও চতুর্থ খেলাটির শেষদিকে হার-জিতের পাল্লাটি দুলছিল পেন্ডুলামের মতো।
অধিনায়ক সাকিব আল হাসানের শতকের (১০৬) ওপর ভর করে বাংলাদেশের বেঁধে দেয়া ২৪২ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে তিন বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৩২ রানে। ফলে ৯ রানে হার মেনে মাঠ ছাড়তে হয় তাদের। সেই সঙ্গে সাকিবের শতকের কাছে ম্লান হয়ে যায় ক্যান উইলিয়ামসনের শতক (১০৮)।
বৃষ্টিতে ভেসে যায় সিরিজের দ্বিতীয় খেলাটি। শেষ ও পঞ্চম খেলাটি হবে ১৭ অক্টোবর, এই শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ঝড়ো সূচনা করলেও ধাক্কা খায় আব্দুর রাজ্জাকের দ্বিতীয় ওভারের শেষ বলে। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান বিজে ওয়াটলিং (৬)।
দলীয় ৩২ রানে শফিউল ইসলাম নিজের বলে ক্যাচ ধরে ফিরিয়ে দেন ব্রেন্ডন ম্যাককালামকে (২১)। নিউজিল্যান্ড মূলত বিপদে পড়ে তখনই। দলের সঙ্গে আর মাত্র ৪ রান যোগ হওয়ার পর রস টেইলরও (৩) সাজঘরের পথ ধরেন। গত ম্যাচের জয়ের নায়ক সোহরাওয়ার্দী শুভর বলে শফিউল ইসলামের হাতে ধরা পড়েন তিনি। সেই সঙ্গে বিপদ আরো বেড়ে যায়।
দলীয় ৬৮ রানের মাথায় অ্যারন রেডমন্ড (১৬) ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি (৮) বিদায় নিলে হারের শঙ্কা চেপে ধরে নিউজিল্যান্ডকে।
এ অবস্থায় হাল ধরে উইলিয়ামসন ও গ্রান্ট এলিয়ট দলের সঙ্গে ৭০ রান যোগ করে কিছুটা হলেও খেলায় ফিরিয়ে আনেন নিউজিল্যান্ডকে। ১৫০ রানের মাথায় ২২ রান করে সাকিবের বলে আব্দুর রাজ্জাকের হাতে ধরা পড়েন এলিয়ট। ২২ রান পর ১৭২ রানের মাথায় কাইল মিলস বিদায় নিলে আবারো খেলা থেকে ছিটকে পড়ে নিউজিল্যান্ড।
কিন্তু খেলে যেতে থাকেন উইলিয়ামসন। নাথান ম্যাককালামের সঙ্গে জুটি বেঁধে দলের সঙ্গে ৫৩ রান যোগ করলে জমে ওঠে ব্যাট-বলের লড়াই। ২২৫ রানের মাথায় নাথান ম্যাককালাম ফিরে গেলে লড়াই আর জমেনি। বরং সমাপ্তি ঘটে তখনই।
শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে উইলিয়ামসন আদায় করে নেন তার একদিনের ক্রিকেট-জীবনের প্রথম শতক। শফিউল ইসলামের বলে রকিবুল হাসানের হাতে ধরা পড়ার আগে করেন ১০৮। তার ১৩২ বলের ইনিংসে চার রয়েছে ছয়টি। ছক্কা দু'টি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব তিন উইকেট নেন ৫৪ রানে। এছাড়া ৩৯ রানে ২ উইকেট নেন শফিউল।
এর আগে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক ভেট্টোরি ব্যাট করতে পাঠায় বাংলাদেশকে। শুরুতেই আঘাত হানেন কাইল মিলস। দলীয় ১ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসকে ফিরিয়ে দেন তিনি। হিসেবের খাতা খোলার আগেই ধরা পড়েন উইকেটরক্ষক ম্যাককালামের হাতে।
প্রথম ওভারের পঞ্চম বলে অপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসও ক্যাচ দিয়েছিলেন। তবে কপাল ভালো। নো বল হওয়ায় বেঁচে যান তিনি।
এরপরও মারমুখীভঙ্গীতে খেলে যেতে থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। বিশেষ করে, জুনায়েদ সিদ্দিকী। তবে ১৪ বলে ১৭ রান করার পরই বিদায় নেন তিনি। সেই মিলসের বলে ধরা পড়েন রেডমন্ডের হাতে।
হামিশ বেনেটের বলে রকিবুল হাসান (৬) বোল্ড হলে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। কেননা তখন দলের রান ছিল মাত্র ৪৪।
এ অবস্থা হাল ধরে ইনিংস মেরামতের কাজ শুরু করেন ইমরুল ও সাকিব। এ কাজে কিছুটা সফলও হন তারা। ৯৭ রানের মাথায় ভেট্টরিকে নিজের উইকেটটি উপহারই দিয়ে আসেন ইমরুল। সপাটে ব্যাট চালালে ব্যাটের ওপরের দিকের কানায় লেগে বল উঠে যায় উপরে। জমা পড়ে ব্রেন্ডন ম্যাককালামের হাতে। তবে তার আগে ৩৭ রান করেন তিনি।
এরপর সাকিবের সঙ্গে ইনিংস মেরামতের কাজে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৬৫ বলে ৫১ রানের জুটি গড়ে কিছুটা হলেও বিপদ থেকে টেনে তোলেন দলকে। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। রান-আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মুশফিক (১৩)।
তবে খেলে যেতে থাকেন সাকিব। ৯৯ রান থেকে ভেট্টরির বলে চার মেরে এক শ' রান টপকে যান সাকিব। শেষ পর্যন্ত ১০৬ রান করে ভেট্টোরির বলে তার হাতে ধরা পড়ে বিদায় নেন। তখন দলের রান ছিল ২১৬।
সাকিব তার ১১৩ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠান ১১বার। হাওয়ায় ভাসিয়ে একবার। তিনি তার একদিনের ক্রিকেট-জীবনের পঞ্চম শতকে পৌঁছান ১০৮ বলে। তবে চার ও ছক্কার সংখ্যা তিনি আর বাড়াতে পারেননি।
এরপর আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। তবে বাদ কেবল মাহমুদুল্লাহ রিয়াদ। ২৩৯ রানের মাথায় ৩৭ রান করে বোল্ড হন তিনি হাসিম বেনেটের বলে।
সোহরাওয়ার্দী শুভ করেন ৮, শফিউল ইসলাম ১ ও শেষ ব্যাটসম্যান হিসেবে আব্দুর রাজ্জাক ৭ রান করে ফিরে যান। অপরাজিত ছিলেন রুবেল হোসেন। তিনি কোনো বল খেলার সুযোগ পাননি। শেষ পর্যন্ত ৪৮.১ ওভরে ২৪১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে তিন উইকেট নেন হামিস বেনেট, ৪৪ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন কাইল মিলস, ডারেল টাফি ও ভেট্টোরি। এজন্য মিলসের খরচ হয় ৩৮ রান। টাফি দেন ৩১ ও ভেট্টোরি ৩৫।
ম্যাচসেরার পুরস্কার পান সাকিব।
বাংলাদেশ আগের ম্যাচের দলটিকেই মাঠে নামায়। মাহমুদুল্লাহর জায়গায় নাইম ইসলামের খেলার কথা থাকলেও সেই পথে হাঁটেনি স্বাগতিকরা।
তবে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয় নিউজিল্যান্ড দলে। তৃতীয় একদিনের ম্যাচে যে দলটি খেলেছিল সেই দলের চারজন নেই। খেলেন ব্যাটসম্যান অ্যারন রেডমন্ড ও ক্যান উইলিয়ামসন এবং বোলার ড্যারেল টাফি ও হামিশ বেনেট। বাদ পড়েছেন টিম সাউদি, জেসি রাইডার, শন স্টুয়ার্ট এবং অ্যান্ডি ম্যাককে।
এই শতকের সুবাদে একদিনের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি শতক হাঁকানোর রেকর্ড করলেন সাকিব। এরপরই আছেন শাহবিরয়ার নাফীস। তিনি হাঁকিয়েছেন চারটি। তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের রয়েছে তিনটি করে শতক।
নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে শতক হাঁকিয়েছিলেন ইমরুল কায়েস, নিউজিল্যান্ড সফরে।
এর আগেও টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে সেটি ছিল খর্ব শক্তির ওয়েস্ট ইন্ডিজ। বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে মতবিরোধের কারণে ক্রিস গেইলের দল মাঠে নামেনি। কেননা তখন তারা ধর্মঘট করছিলেন।
সিরিজ জেতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দল, কোচ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনএল/এমআই/টিআর/১৯০০ ঘ.
bdnews24