২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই করছে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারত রান তুলেছে ১২৮, দুই উইকেটে। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৩৫০ রানে পিছিয়ে আছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2010, 09:18 AM

Updated : 25 Aug 2022, 07:05 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিপক্ষে রোববার দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারত রান তুলেছে ১২৮, দুই উইকেটে। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৩৫০ রানে পিছিয়ে আছে তারা। উইকেটে রয়েছেন মুরালি বিজয় ৪২ রান নিয়ে। তার সঙ্গী শচীন টেন্ডুলকার অপরাজিত রয়েছেন ৪৪ রানে। প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ভারতীয় শিবিরে শুরুতেই আঘাত করেন বেন হিলফেনহাস। দ্রুত গতিতে রান তুলতে থাকা ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগকে মাত্র ৩০ রানেই ফিরিয়ে দেন তিনি। এরপর মিচেল জনসনের বলে মাত্র ১ রান করে রাহুল দ্রাবিড় সাজঘরে ফিরে গেলে বিপদেই পড়ে যায় ভারত। বিপদে পড়া ভারতকে টেনে তোলার চেষ্টা করছেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। সঙ্গী শচীন টেন্ডুলকার। কোনো বিপদ ছাড়াই দু'জনে দ্বিতীয় দিন শেষ করেছেন। দ্বিতীয় দিনে ২৭ রান করেই টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন শচীন টেন্ডুলকার। এর আগে একদিনের ক্রিকেটেও প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক পেরিয়েছিলেন তিনি। এর আগে মার্কাস নর্থের শতক এবং শেন ওয়াটসন, রিকি পন্টিং ও টিম পেইনের অর্ধশতকের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৭৮ রান তোলে। টেস্টের দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মার্কাস নর্থ ও টিম পেইন মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন। বিরতির পর নিজের রানের খাতায় আর মাত্র ৭ রান যোগ করে সাজঘরে ফিরে যান পেইন। প্রজ্ঞান ওঝার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ধরা পড়েন তিনি। রানের খাতা খোলার আগেই ওঝার বলে এবার এলবিডব্লিউ হয়ে ফিরে যান মিচেল জনসন। তবে এরই মধ্যে নিজের পঞ্চম টেস্ট শতক তুলে নেন নর্থ। শেষ পর্যন্ত ১২৮ রানে থামে তার ইনিংস। হরভজন সিংয়ের বলে শ্রীশান্তের হাতে ধরা পড়েন তিনি। ২৪০ বলে খেলা তার এ ইনিংসে ছিল ১৭টি চার ও ১টি ছক্কার মার। পরের ব্যাটসম্যানরা আর তেমন সুবিধা করতে পারেননি। হরভজন সিং ১৪৮ রানে ৪টি ও প্রজ্ঞান ওঝা ১২০ রানে ৩টি উইকেট নেন। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিন দু'দলই লড়েছে সমানতালে। দিন শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে করে ২৮৫ রান। বিনিময়ে ভারত তুলে নেয় ৫ উইকেট। মার্কাস ৪৩ ও টিম ৮ রানে অপরাজিত ছিলেন। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছিল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/এনআই/১৭৪০ ঘ.