২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত

বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 05:18 AM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরি আবহাওয়ার কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা শুরু হওয়ার কথা ছিলো। মাঠ আম্পায়ার এনামুল হক মনি ও এসকে তারাপোরে, রিজার্ভ আম্পায়ার নাদির শাহ্, ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ স্টেডিয়াম পরিদর্শন করে বেলা ১১টায় এ সিদ্ধান্ত নেন। স্টেডিয়ামের প্রধান পিচ কিউরেটর বদিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা ১১টায় আম্পায়ার এবং মাচ রেফারি মাঠ পর্যবেক্ষণ করেন। বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় তারা খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন।" তিনি জানান, খেলা শুরু করার জন্য শুক্রবার বৃষ্টি থামলেই হতো না। সেই সঙ্গে উঠতে হতো রোদ। কিন্তু কোনটাই না হওয়ায় দ্বিতীয় একদিনের খেলা মাঠে গড়ায় নি। এদিকে, বাংলাদেশের কাছে সিরিজের প্রথম খেলায় হেরে গেলেও বৃহস্পতিবার বৃষ্টির জন্য অনুশীলন করেনি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তারা ধরেই নিয়েছিলো, দ্বিতীয় একদিনের ম্যাচ হচ্ছে না। বৃহস্পতিবার কেনা-কাটা করে সময় কাটিয়েছেন নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। অন্যদিকে সকালের দিকে ইনডোরে অনুশীলন করে বাংলাদেশ দল। সফরে কিউইরা বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। তৃতীয় একদিনের খেলাটি অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দ্বিতীয় ম্যাচ দেখার জন্য যারা টিকিট কিনেছিলেন তারা একই টিকিটে তৃতীয় ম্যাচ দেখতে পারবেন। প্রথম খেলায় জিতে বাংলাদেশ সিরিজে ১-০ তে এগিয়ে আছে। তবে দু'দেশের হার-জিতের হিসাবটা একেবারে পরিষ্কার। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৮টি। জয়ের পালা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের দুটি জয়ের বিপরীতে কিউইদের জয় ১৬টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/১৩০৩ ঘ.