চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বাংলাদেশ সাধারণ মানের দল'-ভারতীয় সহ-অধিনায়ক বীরেন্দ্র শেবাগের এই মন্তব্য নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। চট্টগ্রাম টেস্টের শেষদিনে শেবাগকে সংবাদ সম্মেলনে পেয়ে সাংবাদিকরা জানতে চাইলেন, তার কাছে বাংলাদেশকে এখনো সাধারণ মানের দল মনে হয় কি না। উত্তর না দিয়ে পরের প্রশ্নের জন্য অপেক্ষা করলেন ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান।
তবে মুচকি হেসে বুঝিয়ে দিলেন তিনি আগে যা বলেছেন, সে অবস্থান থেকে এক চুলও সরে আসেননি। প্রশ্নের পর প্রশ্নের মুখে এক পর্যায়ে বলেই ফেললেন, দুই ইনিংসে তাদের অল-আউট করার ক্ষমতা বাংলাদেশের নেই। প্রথম টেস্টে ভারত সে সুযোগই দেয়নি বাংলাদেশকে।
এ অবস্থায় পরিস্থিতি ঘোলা হয়ে ওঠার আগেই এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। এতে ভারতীয় সাংবাদিকদের কাছ থেকে প্রশংসাই পেলেন বিসিবি মিডিয়া ম্যানেজার। তবে তার স্বদেশী সাংবাদকরা একটু ক্ষুব্ধই হয়েছেন।
শেবাগ যে কতটা উদ্ধত, যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন, তাদের কারো কাছে তা জানার বাকি নেই। শুধু বাংলাদেশ দল নিয়েই নয়, নিজের দল নিয়েও অহংকার করতে ভালোবাসেন ভারতীয় দলের এই আগ্রাসী ব্যাটসম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০১৬ ঘ.
bdnews24