কেপটাউন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মাটিতে টেস্ট ও একদিনের সিরিজের জন্য অফ-স্পিনার জোহান বোথা ও পেসার লনওয়াবো সতসবেকে আবারো দক্ষিণ আফ্রিকা দলে নেয়া হয়েছে।
গ্রায়েম স্মিথকে অধিনায়ক করে মঙ্গলবার টেস্ট ও একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দু'টি আলাদা দল ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা। তবে দলে জায়গা পাননি পেসার মাখায়া এনটিনি ও ফ্রাইডেল ওয়েট।
জোহান বোথা দলে ফিরলেন ২০০৮ সালের বাংলাদেশ সফরের পর। গত বছর অস্ট্রেলিয়া সফরে বাঁ-হাতি পেসার সতসবে দলে থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে খেলেননি। এনটিনি ও ফ্রাইডেল ওয়েট ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন। তবে ভারতের মাটিতে খেলা হবে বলেই পেসার কমিয়ে দলে বাড়তি স্পিনার নেয়া হয়েছে। আর এজন্যই কপাল পুড়েছে দু'জনের।
দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে পা রাখবে দক্ষিণ আফ্রিকা দল। টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ৬ ফেব্র"য়ারি, নাগপুরে। দ্বিতীয়টি হবে কলকাতায়। এছাড়া একদিনের ম্যাচ তিনটি হবে জয়পুর, কানপুর ও আহমেদাবাদে।
ইংল্যান্ডের বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে ভালো খেলার পুরস্কার হিসেবে একদিনের দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান লুটস বসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ৫৪ ও ৯৪ রান করে নির্বাচকদের নজর কাড়েন তিনি।
টেস্ট দল: গ্রায়েম স্পিথ (অধিনায়ক), হাশিম আমলা, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, পল হ্যারিস, জ্যাক ক্যালিস, রায়ান ম্যাকলারেন, মর্নে মর্কেল, ওয়েইন পার্নেল, অ্যালভিরো পিটারসেন, অ্যাশওয়েল প্রিন্স, ডেল স্টেইন ও লনওয়াবো সতসবে।
একদিনে দল: গ্রায়েম স্পিথ (অধিনায়ক), লুটস বসম্যান, জোহান বোথা, মার্ক বাউচার, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, হার্শেল গিবস, জ্যাকস ক্যালিস, অ্যালবি মর্কেল, মর্নে মর্কেল, ওয়েইন পার্নেল, অ্যালভিরো পিটারসেন, ডেল স্টেইন, লনওয়াবো সতসবে ও রোয়েলফ ভ্যান ডার মারউই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২১৫৯ ঘ.
bdnews24