২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নজর কেড়েই ফিরলেন সাহাদাত

ইশান্ত শর্মাকে আউট করে ইনিংসে পঞ্চম উইকেট তুলে নেন পেসার সাহাদাত হোসেন। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে এ নিয়ে তৃতীয় বারের মতো পাঁচ বা এরও বেশি উইকেট শিকার করেন জাতীয় দলের এই পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 02:09 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইশান্ত শর্মাকে আউট করে ইনিংসে পঞ্চম উইকেট তুলে নেন পেসার সাহাদাত হোসেন। টেস্ট ক্যারিয়ারে এক ইনিংসে এ নিয়ে তৃতীয় বারের মতো পাঁচ বা এরও বেশি উইকেট শিকার করেন জাতীয় দলের এই পেসার। যদিও তার ক্যারিয়ার সেরা তিনটি বোলিং সাফল্যই এসেছে দেশের মাটিতে। প্রথম পাঁচ উইকেট নেন তিনি শ্রীলঙ্কার বিপক্ষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ২০০৬ সালে। দু'বছর পর ২০০৮ সালে বাংলাদেশ ক্রিকেটের হোম হিসেবে পরিচিত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েকটি স্পেলে দুর্দান্ত বল করে নিউজিল্যান্ডের ইনিংসে একাই ধস নামান। তুলে নেন ৬ উইকেট। এবার সাফল্য আসে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে। তিনি এমন একটি সময় এই পাঁচ উইকেট নেন, যখন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক শেবাগ বলেছিলেন, বাংলাদেশ সাধারণ মানের দল। বোলারদেরও অবমূল্যায়ন করেন তিনি ২০ উইকেট নিতে পারবে না বলে। অথচ রোববার আইডিয়া কাপ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগেও সাহাদাতের ক্যারিয়ার নিয়ে সংশয় কম ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের। অথচ সাহাদাত নিজেকে ফিরে পেলেন অসাধারণ এক সাফল্যের মধ্য দিয়ে। সাহাদাত শুধু নিজের ফর্মই ফিরে পাননি, ফিরে পেয়েছেন হারিয়ে যাওয়া সেই চঞ্চলতাও। সোমবার দ্বিতীয় দিনের খেলা শেষে সেই চঞ্চলতা তিনি ধরে রাখতে পারেননি, চিরচেনা সেই নিজস্বভঙ্গীতে বললেন, "উইকেটে থেকে সুবিধা নিয়ে সুইং-কে কাজে লাগিয়েছি, সে কারণেই পাঁচ উইকেট নেয়া সম্ভব হয়েছে। তবে শচীনের (টেন্ডুলকার) উইকেট পেলে ভালো লাগতো। রোববার প্রথম দিন ক্যাচ না ফেললে সে আশাও পূরণ হতো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৫৩ ঘ.