২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ আবহাওয়ার প্রাধান্য, বিপদে বাংলাদেশ

শুরুটা ভালোই করেছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু পাঁচ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে হঠাৎ করেই পথ হারিয়ে ফেলে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2010, 11:39 AM

Updated : 24 Aug 2022, 06:14 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুটা ভালোই করেছিলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। কিন্তু পাঁচ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে হঠাৎ করেই পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। আলোর অভাবের জন্য খেলা বন্ধ হওয়ার আগে ১৭ ওভারে রান তুলেছে ৫৯। এর আগে শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির পরও সাহাদাত হোসেন ও সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ের মুখে ভারতের ইনিংস থেমে যায় ২৪৩ রানে। পাঁচটি করে উইকেট নেন দু'জনেই। তবে খেলোয়াড়দের চেয়ে ভালো খেলেছে খারাপ আবহাওয়া। আলোর অভাবে সোমবার খেলা হয়েছে মাত্র ২৪ ওভার ৫ বল। প্রথম দিনও পর্যাপ্ত আলো না থাকায় খেলা হয়নি ২৭ ওভার। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসের সূচনা বেশ ভালোই করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। তারা যখন মধ্যাহ্ন বিরতিতে যান, তখন দলের রান ছিল ২১। আর এই ২১ রানই এসেছে তামিমের ব্যাট থেকে। মধ্যাহ্ন বিরতি শেষেও আলোর অভাবের জন্য খেলা শুরু হতে দেরি হয়। খেলা শুরু হলে সাবলীলভঙ্গীতে ব্যাট করে যেতে থাকেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। ৫০ রান তোলেন তারা ১৪ ওভারে। আর এখানেই ভাঙ্গন ধরে উদ্বোধনী জুটিতে। জহির খানের কিছুটা ফুলার লেঙথের বল আড়াআড়িভাবে অন-সাইডে খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন ইমরুল কায়েস। এর আগেও দু'বার তিনি আড়াআড়িভাবে খেলার চেষ্টা করেছিলেন বলেই ফাঁদ পাতেন অভিজ্ঞ জহির খান। আর সেই ফাঁদে পা দেন ইমরুল। ৪৬ বল খেলে পাঁচটি চারের সাহায্যে রান করেন ২৩। দলের রানের সঙ্গে আর মাত্র ৫ যোগ হতেই ফিরে যান শাহরিয়ার নাফিস (৪)। ইশান্ত শর্মার মিডল স্ট্যাম্পের ওপর গুড-লেঙথ বলটিকে শাহরিয়ারের খেলা উচিত ছিল স্ট্রেট ব্যাটে। কিন্তু তিনি তা না করে খেললেন কোণাকোণিভাবে। ফলে যা হওয়ার তাই হলো বল তার ব্যাট ছুঁয়ে জমা পড়লো সেকেন্ড স্লিপে ভিভিএস লক্ষ্মণের হাতে। এই ৫৮ রানের মাথায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ফিরে গেলে বিপদে পড়ে বাংলাদেশ। জহির খানের অফ-স্ট্যাম্পের বাইরের বল ইন-সুইং করে তামিমের অফ-স্যাম্প উড়িয়ে নিয়ে যায় কয়েক গজ দূরে। বলটি অবশ্য যতোটা ওঠার কথা ছিল, ততোটা ওঠেনি। উইকেটে আছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও রকিবুল হাসান (১)। দলের রানের সঙ্গে এক যোগ হতেই আম্পায়ার আলোর অভাবের কারণে খেলা আপাতত বন্ধ রাখার ইঙ্গিত দেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে দিনের মতো সমাপ্তি টানেন খেলার। এর আগে ভারত দিনের খেলা শুরু করে আট উইকেটে ২১৩ রান নিয়ে। ইশান্ত শর্মা (১) ও শ্রীশান্তের (১) উইকেট দু'টি হারিয়ে তোলে আরো ৩০ রান। এর মধ্যে ২৯ রানই করেন টেন্ডুলকার। শেষ পর্যন্ত অপরাজিত ১০৫ রান করেন ১৬৬ বলে। তিনি তার ৪৪তম টেস্ট সেঞ্চুরিতে পৌঁছান ১৬০ বলে। চার মেরেছেন ১১টি ও ছক্কা দু'টি। এই উইকেট দু'টিও ভাগাভাগি করে নিয়েছেন সাহাদাত ও সাকিব। আগের দিন ৭৯ রানে ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দ্র শেবাগের উইকেট হারানোর মধ্য দিয়ে শুরু হয় ভারতের উইকেট পড়া। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অপর প্রান্তে দেয়ালের মতো অবিচল ছিলেন টেন্ডুলকার। শুধু উইকেট আগলেই বসে থাকেননি, রানও করেন বেশ দ্রুত। তাই বলা চলে লড়াইটা হয় শচীনের সঙ্গে বাংলাদেশের। সোমবার প্রথম সেশনের মধ্যে বাংলাদেশের দুই বোলার বাকি দুই উইকেট তুলে নিলেও টেন্ডুলকারেরটা পারেননি। শেষ পর্যন্ত সঙ্গী-হারা হয়ে মাঠ ছাড়তে হয় টেন্ডুলকারকে। তাই বলাই যায় এ লড়াইয়ে তার কাছে হেরে গেছে বাংলাদেশ। ইনিংসে ৬ষ্ঠ বারের মতো সাকিবের পাঁচ উইকেট নিতে খরচ হয় ৬২। আর সাহাদাত হোসেন দেন ৭১। খেলা শুরু হতে সোমবারও এক ঘন্টা দেরি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৪০ ঘ.