চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশকে সাধারণ মানের দল হিসেবে অভিহিত করেছিলেন বীরেন্দ্র শেবাগ। উল্টো ভারতকেই সাধারণ মানের দলের কাতারে নামিয়ে এনেছেন সাহাদাত হোসেন ও সাকিব আল হাসান, অন্তত প্রথম টেস্টের প্রথম দিনের জন্য। দু'জনে চার উইকেট করে নেয়ায় ভারতের রান দাঁড়িয়েছে আট উইকেটে ২১৩। লড়ে যাচ্ছেন কেবল বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার (৭৬*)।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিংয়ে পাঠান ভারতকে। কিন্তু প্রথম সেশনে কোনো সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। টেস্টের হিসেবে বলতে গেলে অত্যন্ত আক্রমণাত্মকভঙ্গীতে ব্যাট করেন উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। অপর উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর দেখে-শুনে খেললেও শেবাগ রীতিমতো চড়াও হন বোলারদের ওপর। ব্যাট করেন ওয়ানডের মতো। ৫১ বলে ৫২ রান করে দলীয় ৭৯ রানের মাথায় সাকিবের বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি। সাকিবের সামান্য শর্ট বলে হাল্কা পুশ করলে বলটি উঠে যায়। শর্ট এক্সট্রা-কাভারে ক্যাচটি ধরতে তামিমের কোনো অসুবিধা হয়নি।
দলের রানের সঙ্গে ৭ যোগ হতেই আরো দুই ব্যাটসম্যান ফিরে গেলে বিপদে পড়ে ভারত। ৭৯ রানের মাথায় সাহাদাত হোসেনের বলে ২৩ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন গৌতম গম্ভীর। এরপরই ৪ রান করে ৮৫ রানের মাথায় ফিরে যান 'দ্য ওয়াল' নামে পরিচিত রাহুল দ্রাবিড়। সাহাদাত হোসেনের ফুলার লেঙথের বল অন সাইডে খেলার চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে বল তার স্ট্যাম্প ভেঙে দেয়।
দলের রানের সঙ্গে ২২ যুক্ত হতেই ভিভিএস লক্ষ্মণ (৭) স্ট্যাম্পড হলে একেবারে খাদে পড়ে যায় ভারত। তখন দলের রান ছিল ১০৭। সাকিবের বল বুঝতে না পেরে পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে যান লক্ষ্মণ। বাকি কাজটা করেন মুশফিক। ১৪৯ রানে যুবরাজ সিং (১২) ও ১৫০ রানে দিনেশ কার্তিক রানের খাতা খোলার আগেই বিদায় নিলে খাদে আটকা পড়ে ভারত।
অমিত মিশ্র (১৪) ১৮২ রানে ও জহির খান (১১) ২০৯ রানের মাথায় সাজঘরে ফিরে গেলে সেই খাদ থেকে বেরিয়ে আসার পথ অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
সেই খাদ থেকে বের করে আনার চেষ্টা করছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ইশান্ত শর্মা (১)। টেন্ডুলকার তার অপরাজিত ৭৬ রানের ইনিংসটি সাজান ছয়টি চার ও একটি ছক্কা দিয়ে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিব ও সাহাদাত হোসেন চারটি করে উইকেট নেন। এজন্য সাহাদাত হোসেন খরচ করেন ৫১। আর সাকিব রান দেন ৫২।
আলোর অভাবে ৬৩ ওভার শেষে আম্পায়ার প্রথম দিনের মতো খেলার সমাপ্তি ঘোষণা করেন।
মেরুদন্ডে ব্যাথার কারণে মহেন্দ্র সিং ধোনি খেলছেন না বলে দলের নেতৃত্ব দিচ্ছেন শেবাগ।
খারাপ আবহাওয়ার কারণে সকালে ম্যাচও শুরু হয় দেরি করে।
ভারতীয় দলে শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে একটি। গলায় চোট পাওয়ায় খেলছেন না হরভজন সিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৮ ঘ.
bdnews24