সিডনি, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার জ্যাক ক্যালিসকে পেছনে ফেলে দশক সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক রিকি পন্টিং। বর্তমান, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট লিখিয়েরা তাকে এই সম্মান দেন।
গেল দশকে ৩২ সেঞ্চুরি ও ৫৮.৩৮ গড়ে ৯,৪৯৮ রান করে পন্টিং ৬০ পয়েন্ট পেয়ে সব ক্রিকেটারকে পেছনে ফেলেন। অস্ট্রেলিয়ার অধিনায়কের ঠিক পেছনেই রয়েছেন জ্যাক ক্যালিস। পন্টিংয়ের চেয়ে ২৩ পয়েন্ট কম তার। আর তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। তিনি পন্টিংয়ের চেয়ে পিছিয়ে আছেন ২৯ পয়েন্টে।
চতুর্থ থেকে সপ্তম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার আরো দুই সাবেক ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন। পঞ্চম ও সপ্তম স্থানে আছেন তারা। তাদের দু'জনের মাঝখানে ছয় নম্বরে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। টেস্ট ও একদিনের ম্যাচে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনি। তবে এই তিনজনকে পেছনে ফেলে চার নম্বর জায়গাটি পেয়েছেন টেস্ট ও একদিনের ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী মুত্তিয়া মুরালিধরণ।
সপ্তম থেকে দশম স্থানে ঠাঁই পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান ব্রায়ান লারা, ভারতের রাহুল দ্রাবিড় ও ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ন চন্দরপল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৮০৫ ঘ.
bdnews24