ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে দলে নেয়া হলেও ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলে জায়গা হয়নি আইসিএল ফেরত আফতাব আহমেদের। ওয়ানডে দলের সদস্য স্পিনার আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম ও সৈয়দ রাসেলকেও রাখা হয়নি দলে। তবে ওপেনার শাহরিয়ার নাফিস সুযোগ পেয়েছেন ১৪ সদস্যের চূড়ান্ত দলে।
গতবছর ওয়েস্ট ইন্ডিজ থেকে সিরিজ জিতে ফেরা টেস্ট দলের সদস্য মেহরাব হোসেন জুনিয়র, মাশরাফি বিন মুর্তজা ও উইকেটরক্ষক সগির হোসেন পাভেলও নেই ১৪ জনের দলে। টেস্ট দলে একজনই নতুন মুখ, ত্রিদেশীয় সিরিজে এক ম্যাচ খেলা শফিউল ইসলাম।
ছয় ক্রিকেটারের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'মাশরাফি নিজেকে টেস্টের জন্য ফিট মনে করছে না, মেহরাব ফর্মে নেই, পাভেলকে জায়গা দেয়া সম্ভব হয়নি। এছাড়া রাজ্জাক, নাঈম এবং রাসেল অনেকদিন হলো টেস্টে খেলছে না।'
আগামী ১৭ জানুয়ারি থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, ২৪ জানুয়ারি থেকে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
১৪ সদস্যের টেস্ট দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক জুনিয়র, জুনায়েদ সিদ্দিকী, শফিউল ইসলাম, রুবেল হোসেন, সাহাদাত হোসেন, মাহবুবুল আলম রবিন ও শাহরিয়ার নাফিস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১৬ ঘ.
bdnews24